সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i81085-সরকার_উন্নয়নের_নামে_শুধু_জনগণকে_বাড়তি_ব্যয়ের_যাঁতাকলে_পিষ্ট_করছে_বিএনপি
বাংলাদেশের বিরোধী দল বিএনপি বিদ্যুতের ভৌতিক বিল ও ভর্তুকি দিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেছে, সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০২০ ১৫:২৫ Asia/Dhaka
  • বিএনপির মানববন্ধন
    বিএনপির মানববন্ধন

বাংলাদেশের বিরোধী দল বিএনপি বিদ্যুতের ভৌতিক বিল ও ভর্তুকি দিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেছে, সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে।

জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিলে উত্থাপনের  প্রতিবাদে  আজ মঙ্গলবার দুপুরে রাধানীতে  আয়োজিত এক  মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী  এমন মন্তব্য করেন।  

সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন হয়। প্রধান অতিথি হিসেবে  রিজভীর বক্তব্যের আগ মুহূর্তে পুলিশ কর্মকর্তারা এসে অনুমতি ছাড়া মানববন্ধন করার জন্য সেখান থেকে তাদের সরতে বলে।

এ সময় সংক্ষিপ্ত  বক্তব্যে রিজভী বলেন, বিদ্যুতের ভৌতিক বিলের চাপে অসহায় মধ্যবিত্ত মানুষ হাহাকার করছে। বলা হচ্ছে, চাহিদার চেয়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে, যার বেশিরভাগ রেন্টাল-কুইক রেন্টালের। অর্থাৎ এসব কেন্দ্রের ভাড়া দিতে হচ্ছে সরকারকে এবং বেশি দামে তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে সরকারকে।

রিজভী বলেন,  “এই টাকা কে দিচ্ছে? এই টাকা জনগণের পকেট থেকে নিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে। তাহলে কিসের উন্নয়ন? শুধু জনগণের ওপর যাঁতাকল। জনগণকে পিষ্ট করা হবে আর মানিকগঞ্জে খাবার না পেয়ে বাচ্চা বিক্রি করছে মা। এই হচ্ছে পরিস্থিতি, এটা চলতে পারে না।।”

ঢাকা মহানগর উত্তরের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম শামসুল হকের পরিচালনায় নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি ও দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক সেখানে বক্তব্য দেন।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।