বাংলাদেশে করোনার মধ্যে নির্বাচন: সমালোচনার জবাব দিলেন সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i81367-বাংলাদেশে_করোনার_মধ্যে_নির্বাচন_সমালোচনার_জবাব_দিলেন_সিইসি
বাংলাদেশে করোনা মহামারীর মাঝে  নির্বাচনী আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ এবং  কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • কে এম নুরুল হুদা (বামে)
    কে এম নুরুল হুদা (বামে)

বাংলাদেশে করোনা মহামারীর মাঝে  নির্বাচনী আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ এবং  কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। 

এরকম  অবস্থায়  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ (শনিবার) বলেছেন, কোন ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোন সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন, নির্বাচন না করার কোন সুযোগ নেই। 

আজ  দুপুরে যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশন। 
উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির হাবিবুর রহমান আজকের সভায় উপস্থিত ছিলেন।
যশোর-৬  আসনের  সংসদ সদস্য ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করার কারণে আসনটি  শূন্য ঘোষণা করে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায়  করোনাভাইরাস মহামারীর মধ্যেই আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে  নির্বাচন কমিশন।

আজ অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, করোনা আছে, আরো অনেকদিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এর মধ্যেই করতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

এ সময়  ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি। 

কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার ও ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।