কাজী সালাহউদ্দিন তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i8140-কাজী_সালাহউদ্দিন_তৃতীয়বারের_মতো_বাফুফে_সভাপতি_নির্বাচিত
শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০১৬। এতে আবারও নির্বাচিত হলেন বর্তমান সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। এ নিয়ে ২০০৮ ও ২০১২ সালের পর টানা তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি পদে থাকলেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ১৫:৪৪ Asia/Dhaka
  • কাজী মো. সালাহউদ্দিন
    কাজী মো. সালাহউদ্দিন

শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০১৬। এতে আবারও নির্বাচিত হলেন বর্তমান সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। এ নিয়ে ২০০৮ ও ২০১২ সালের পর টানা তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি পদে থাকলেন তিনি।

নানা কারণে এবারের নির্বাচনে ছিল ভিন্ন মাত্রা। কাজী মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পাল্টা প্যানেল ঘোষণা হয়েছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান সভাপতির ওপরই আস্থা রাখলেন ভোটাররা। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৪ জন। সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘বাচাঁও ফুটবল পরিষদ’র আহ্বায়ক, নরসিংদীর পলাশ থানার সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫৪ ভোট। একটি ভোট বাতিল হয়।

আজ (শনিবার) দুপুর ২টায় হোটেল রেডিসনে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ১০ জন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি পদে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গেলোবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা আব্দুস সালাম মুর্শেদী। সহসভাপতি পদে জিতেছেন কাজী নাবিল আহমেদ (৯২ ভোট), বাদল রায় (৭৩), মহিউদ্দিন মহি (৭২) ও তাবিথ আউয়াল (৬৬)। #

শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০