আওয়ামী লীগকে 'সিঙ্গেল স্ট্যান্ডার্ড'-এর দল বললেন বিএনপি নেতা রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i81407-আওয়ামী_লীগকে_'সিঙ্গেল_স্ট্যান্ডার্ড'_এর_দল_বললেন_বিএনপি_নেতা_রিজভী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে 'সিঙ্গেল স্ট্যান্ডার্ড'-এর দল বলে অভিহিত করে বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, তারা জনগণের দুর্দশা দূর করার সাথে নেই; তারা আছে দুর্দশা সৃষ্টিকারী ও জনগণের পকেটকাটা প্রতারকদের সাথে। আজ (সোমবার) দুপুরে করোনা প্রতিরোধে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৩, ২০২০ ১৩:০৭ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে 'সিঙ্গেল স্ট্যান্ডার্ড'-এর দল বলে অভিহিত করে বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, তারা জনগণের দুর্দশা দূর করার সাথে নেই; তারা আছে দুর্দশা সৃষ্টিকারী ও জনগণের পকেটকাটা প্রতারকদের সাথে। আজ (সোমবার) দুপুরে করোনা প্রতিরোধে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের জন্য বরাদ্দ ত্রাণ ও ন্যায্যমূল্যের চাল তেল উদ্ধার হচ্ছে আওয়ামী লীগের গোয়ালঘর, গুদাম, খাটের তলা থেকে, ত্রাণের টাকা নয়-ছয় করছে আওয়ামী লীগ;  স্বাস্থ্যখাতে যত দুর্নীতি তার সবকিছুর সাথে জড়িত ক্ষমতাসীন দলের চোর-বাটপার প্রতারকরা।

তিনি বলেন, এদের কয়েকজনকে ধরা হলেও এর পেছনের গডফাদার ধরা হয় না। রিজেন্ট-জেকেজির নেপথ্যে যারা জড়িত তাদেরকে ধরা হচ্ছে না। কারণ তারা আরো বেশী ক্ষমতাশালী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কয়েকদিন ধরে আপনারা দেখছেন সংবাদপত্রের পাতায় আগের কথা না-ই বা বললাম। মাস্কের দুর্নীতি কে করেছে? মন্ত্রীর ছেলে। করোনার জন্য জীবন বাঁচানোর মেসিন ভ্যান্টিলেটর, সেই ভেন্টিলেটর দুর্নীতির সাথে জড়িত কে? ক্ষমতাসীন দলের লোক অথবা মন্ত্রীর আত্মীয়-স্বজন। এখন পত্র-পত্রিকা, গণমাধ্যম চারিদিকে ছিঃ ছিঃ পড়ে গেছে। আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যার সাথে রিজেন্ট হাসপাতালের মালিকের সম্পর্ক নাই।

রিজেন্ট হাসপাতালের কর্ণধার মো. সাহেদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘‘উনি সরকারের পক্ষে টক শো করছেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তিনি। তারপরে বললেন কি? সে নাকি হওয়া ভবনের লোক। যখন ফাঁস হয়ে যায়, যখন মুখ দেখানোর কিছু থাকে না, তখন বিএনপি অথবা হাওয়া ভবনের বলে চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। ওরা দুর্নীতি-লুটপাট সব করে যখন ধরা পড়ে যায় তখন বলে হাওয়া ভবনের লোক। তাদেরকে বলি, এতোদিন লালন করেছেন, পুষেছেন, সমৃদ্ধি দিয়েছেন, সাধারণ মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা অর্জন করেছেন। যাদের (করোনা-আক্রান্ত রোগী) পজেটিভ তাদেরকে নেগেটিভ সনদ দিয়েছেন, আর যাদের নেগেটিভ তাদেরকে পজেটিভ সনদ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করছেন….।

বিএনপির নেতা-কর্মীদের ওপর সরকারের দমননীতির সমালোচনা করে তিনি বলেন, মানিকগঞ্জে বিএনপি নেতার মেয়ে মাহমুদা পলিকে রাতের অন্ধকারে ধরে নিয়ে এসেছেন। কেন? সে ফেসবুকে লিখেছেন সরকারের বিরুদ্ধে। ছাত্রদলের সাবেক নেতা টিটো হায়দার ৪/৫দিন আগে তুলে নিয়ে গেছে। সবাই দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি লোকেরা তাকে ধরে নিয়ে গেছে।

সরকারের এহেন অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান রিজভী।

তিনি দাবি করেন, বিএনপি ও তার অঙ্গসংগঠন নিজের পকেট থেকে অর্থ দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে । 

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক চিকিৎসক মুজিব উল্লাহ, মুজিব, গাজী নাজিমউদ্দিন, কাশেমুর রহমান খান, আশরাফ হিলালী, শাহ মোয়াজ্জেম সোহেল, ফয়সাল মেহবুব মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/ ১৩