করোনায় আজ মৃত্যু ৫১ জনের: মারা গেলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার
-
ডা. এসএম নুর উদ্দিন রুমি
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪৭ জনে। আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন।
গত ২৪ ঘন্টায় মৃত ৫১ জনের মধ্যে ৪০ জন পুরুষ ও ১১ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ৬ জন মৃত্যুবরণ করেছেন।
করোনায় আর এর চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম নুর উদ্দিন রুমি (৪৮) মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কুষ্টিয়া জেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনো চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে সেই রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হতে থাকে। তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৭