করোনাভাইরাসের নতুন মিউটেশনের তথ্য বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে: বিসিএসআইআর
-
করোনা ভাইরাস
বাংলাদেশের বিজ্ঞানীরা দাবী করেছে, করোনাভাইরাস গত চারমাসের অধিক সময় ধরে বাংলাদেশে অবস্থানকালে ৫৯০ বার চরিত্রবদল (মিউটেশন) করছে। এর মধ্যে ৮ বারের মিউটেশন ছিল একেবারে ইউনিক অর্থাৎ বিশ্বে প্রথমবার ঘটেছে এই বাংলাদেশে।
বাংলাদেশের বিজ্ঞানীরা দাবী করেছে, করোনাভাইরাস গত চারমাসের অধিক সময় ধরে বাংলাদেশে অবস্থানকালে ৫৯০ বার চরিত্রবদল (মিউটেশন) করছে। এর মধ্যে ৮ বারের মিউটেশন ছিল একেবারে ইউনিক অর্থাৎ বিশ্বে প্রথমবার ঘটেছে এই বাংলাদেশে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে বিসিএসআইআর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থার বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, নতুন মিউটেশনের তথ্যগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। এই তথ্য প্রতিষেধক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের। তারা জানান, এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এরমধ্যে বিসিএসআইআর করেছে ১৭৩টির। করোনা ভাইরাসের সর্বমোট ৩০০টি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নেয়ার কথাও জানান বিসিএসআইআরের বিজ্ঞানীরা। ভাইরাসটির দ্রুত চরিত্রবদলের রকমফের ধরতে পারলেই একে বাগে আনা সহজ হবে বলে বিজ্ঞানীরা দাবী করছেন।
এদিকে, করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। ফলে বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়াল হতে যাচ্ছে ভ্যাকসিনটির।
রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জাহান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন: চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। ডা. মাহমুদ-উজ-জাহান জানান, প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে চীন উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। বড় আকারে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। পাশাপাশি বাংলাদেশেও এর পরীক্ষা চালানোর আগ্রহ দেখায় দেশটি। চীনে নতুন করে করোনায় সংক্রমিত রোগী কমে যাওয়ায় এখন দেশের বাইরে সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষার জন্য জায়গা খুঁজছে দেশটি। বর্তমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে থাকায় বাংলাদেশকে এর উপযুক্ত মনে করছে চীন।#
পার্সটুডে/এআরখান/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।