স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ফখরুলের, বিএনপি বেপরোয়া আচরণ করছে-কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i81690-স্বাস্থ্যমন্ত্রীর_পদত্যাগ_দাবি_ফখরুলের_বিএনপি_বেপরোয়া_আচরণ_করছে_কাদের
বাংলাদেশের বিরোধী দল বিএনপি আজ দাবি করেছে,স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় আবশ্যই সরকারকে বহন করতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীতে নিজ বাসায় আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, করোনার ভুয়া সনদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুন্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০২০ ১৪:৪৮ Asia/Dhaka

বাংলাদেশের বিরোধী দল বিএনপি আজ দাবি করেছে,স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় আবশ্যই সরকারকে বহন করতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীতে নিজ বাসায় আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, করোনার ভুয়া সনদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুন্ঠিত হয়েছে।

করোনা কেলেঙ্কারীর দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ফখরুলের

এ সময় দুর্নীতি ও অব্যবস্থাপনার  মাধ্যমে স্বাস্থ্য খাতের ক্ষতি ও জনগণকে  মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব।একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রীরও  পদত্যাগ  দাবি করেন। 

 আবুল কালাম আজাদকে বরখাস্ত করা উচিত ছিল: বিএনপি

মির্জা ফখরুল বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিজাইন করেছেন। আসলে তাকে বরখাস্ত করা উচিত ছিল। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয় এর সঙ্গে মন্ত্রণালয়ের যারা জড়িত আছেন, যারা করোনা নিয়ে ভুল তথ্য দিয়েছেন জনগণকে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আর এর দায়-দায়িত্ব অবশ্যই সরকারের ওপরে বর্তাবে।

ওদিকে,দুর্নীতি,অনিয়ম,অব্যবস্থাপনা,প্রতারণাসহ সার্বিক ব্যর্থতার অভিযোগ মাথায়  নিয়ে দু-দিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের পদত্যাগের পর আজ তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হচ্ছেন অধ্যাপক ডা. এনায়েত হোসেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ডা.আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। এপদে চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিয়াকে।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব রদবদল প্রসঙ্গে ডক্টরস  ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’র সভাপতি  ডাক্তার কাজী রকিবুল ইসলাম রেডিও তেহরানকে বলেন,স্বাস্থ্য সেবার সারা অঙ্গে ঘা ফলে মলম দিয়ে সারানো যাবে না। কয়েকজন কর্মকর্তার পদত্যাগ,বদলি বা ওএসডি  করার মধ্য দিয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে না।

ডাক্তার নিরুপম দাশ

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন-এর প্রধান সম্বয়কারী ডাক্তার নিরুপম দাশ রেডিও তেহরানকে বলেন,বিচার বিভাগীয় তদন্ত করে দুর্নীতি ও  দায়িত্বপালনে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা  না করা হলে ভেঙ্গে পড়া  স্বাস্থ্য খাতকে বাঁচানো  যাবে না।

স্বাস্থ্য খাত নিয়ে সরকারের ব্যর্থতা প্রসঙ্গে বিএনপি’র সমলোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন,বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি বেপরোয়া চালকের মতো  রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীতে জাইকা ঋণ সহায়তায় উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৩