বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২ জন: পরীক্ষা ও শনাক্ত কমেছে
বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২ জন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে এ যাবত মোট মারা গেছেন ৩ হাজার ৩৬৫ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৩৭টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি নমুনা। ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ২০ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
এ সময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, যেকোনো লক্ষণ বা উপসর্গ থাকলে কাছের পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষা করাবেন। যত পরীক্ষা করা হবে, ততই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। তাই সামান্য জ্বর বা কাশিকে অবহেলা করবেন না।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮