নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ২২, তিনটি তদন্ত কমিটি গঠন
-
রক্তাক্ত বায়তুস সালাম জামে মসজিদ
নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শনিবার রাত ১১টা পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকি ১৫ জনের অবস্থাও গুরুতর। তাদের সকলেরই শ্বাসনালীসহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। পরে শামীম নামে আরও একজনের মৃত্যুর খবর দেন তিনি। এ নিয়ে মোট মৃত্যু ২২ জন।
নিহতদের মধ্যে জোবায়ের (১৮) ও সাব্বির (২১) দুই ভাই। তাদের বাসা নারায়ণগঞ্জের তল্লায়। সাব্বির বিএ পাস করেছেন। জোবায়ের তোলারাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এছাড়া মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের সঙ্গে মারা যান ছেলে জুনায়েদ (১৬)। দুদিন আগে গ্রামের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট থেকে বাবার কাছে এসেছিলেন জুনায়েদ।
মসজিদটির ইমাম কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল মালেকও মৃতদের মধ্যে রয়েছেন।

মসজিদের নিচে গ্যাসের লিকেজ থেকে থেকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর মহাপরিচালক ব্রিগেডিয়া জেনারেল মো: সাজ্জাদ হোসাইন।
এ দুর্ঘটনায় মসজিদের ছ’টি এসি যন্ত্র একসাথে বিস্ফোরিত হবার কারণে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকে বৈদ্যুতিক বিস্ফোরণ মনে করা হয়েছিল। বিস্ফোরণের পর পরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস পক্ষ থেকে শনিবার পৃথক তদন্ত দু’টি কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে। আজ (শনিবার) দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।