মসজিদে বিস্ফোরণ: দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
https://parstoday.ir/bn/news/bangladesh-i82885-মসজিদে_বিস্ফোরণ_দায়িত্বে_অবহেলার_অভিযোগে_তিতাসের_৮_কর্মকর্তা_কর্মচারী_সাময়িক_বরখাস্ত
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১৬:৫৫ Asia/Dhaka
  •  মসজিদে বিস্ফোরণ:  দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ (সোমবার) বিকেলে তিতাস কর্তৃপক্ষ এক আদেশে অভিযুক্ত ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করে। সেই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ জনিত অগ্নিকান্ডে অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। আহতদের ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অফিস কক্ষে গণশুনানি অনুষ্ঠিত  হয়েছে।মসজিদে বিষ্ফোরনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিদ্যুত কর্তপক্ষ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

ক্ষতিপূরণ দাবি করে রিট

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ইয়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পরে আইনজীবী মার-ই-য়াম খন্দকার সাংবাদিকদের জানান, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার রিটটি উপস্থাপন করা হয়। আবেদনটি শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার কার্যতালিকায় আসবে।      

বিভিন্ন দেশের শোক ও সমবেদনা প্রকাশ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পৃথক পৃথক বিবৃতি  দিয়ে গভীর শোক ও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন, চীনা দূতাবাস ও মার্কিন দূতাবাস । ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায়  মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহতদের স্বজন এবং আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। আহদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা জেমস ক্লাব এলাকায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনার শিকার সকলের প্রতি সংহতি জানায়।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।