নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i82928-নারায়ণগঞ্জে_মসজিদে_বিস্ফোরণ_ক্ষতিগ্রস্তদের_৫_লাখ_টাকা_করে_দেয়ার_নির্দেশ
বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় সব পক্ষের (রাজউক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি) দায় রয়েছে বলে মন্তব্য করেছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৯:৫১ Asia/Dhaka
  • রক্তাক্ত বাইতুস সালাত মসজিদ
    রক্তাক্ত বাইতুস সালাত মসজিদ

বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় সব পক্ষের (রাজউক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি) দায় রয়েছে বলে মন্তব্য করেছে আদালত।

মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার রিট শুনানিতে আজ (বুধবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ  দিয়ে এ মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

পরে ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেন, আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সাতদিনের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই টাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করবেন।

গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বাংলাদেশ হাইকোর্ট

নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৯ জন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।