কারওয়ান বাজারে সৌদিপ্রবাসীদের অবরোধ, বিশৃঙ্খলা না করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
সৌদি আরবে ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে আজ বুধবারও বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তাঁরা। এ ছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।
দুপুরে প্রায় ২০ মিনিট ধরে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন সৌদিপ্রবাসীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার কিছু আগে অবরোধ তুলে নেন। সড়কে যান চলাচল শুরু হলেও যানজট রয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন।
সকাল ৯টার দিকে সৌদি প্রবাসীরা রাজধানীর কারওয়ান বাজারে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। এরপর তাঁরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে যান। বেলা ১১টার দিকে তাঁরা রমনা এলাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। এ সময় তাঁরা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন।
প্রবাসীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ উধ্বর্তন কর্মকর্তাদের আজ বৈঠকের কথা রয়েছে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম এ কথা জানিয়েছেন।
ঘটনাস্থলে প্রবাসী তাজুল ইসলাম সকালে প্রথম আলোকে বলেন, ‘আমরা বেশ কিছু দাবি নিয়ে এসেছি। আমাদের প্রধান দাবি হলো ইকামা। ভিসার মেয়াদ বৃদ্ধি করা। দ্বিতীয় দাবি হলো, আমরা অনেকেই রিটার্ন টিকিট নিয়ে এসেছি। আমরা যেন সেই টিকিটে ফিরে যেতে পারি। তৃতীয় দাবি হলো, আমাদের টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। অন্যান্য এয়ারলাইনস যেন হয়রানি না করে।’ তিনি আরও জানান, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সে জন্য আমরা এসেছি। একটু পরে মন্ত্রীসহ সচিব ও প্রবাসী মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবো আমরা।’
ফেরার টিকিটের দাবিতে গতকাল মঙ্গলবারও রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন আটকে পড়া প্রবাসীরা। গতকাল তিন ঘণ্টা বিক্ষোভের পর সড়ক অবরোধ তুলে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন তাঁরা। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠক চলছিল। বৈঠকের পর দেশে আটকে পড়াদের ইকামা-ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে সৌদি আরব সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত সৌদি আরবে পৌঁছাতে প্লেনের টিকেটের দাবিতে আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। ভিসা জটিলতার আশঙ্কায় সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন প্রবাসীরা।
করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ইকামা বা ভিসার মেয়াদ অন্তত তিন মাস বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর সৌদি আরব দূতাবাস ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ জানানো হয়েছে। #
পার্সটুডে/বাবুল আখতার/ ২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।