বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন সদা প্রস্তুত: শি জিনপিং
https://parstoday.ir/bn/news/bangladesh-i83594-বাংলাদেশের_সাথে_কাজ_করার_জন্য_চীন_সদা_প্রস্তুত_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, বাংলাদেশের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুসংহত করতে এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন সদা প্রস্তুত ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০২০ ১৬:১১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, বাংলাদেশের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুসংহত করতে এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করার জন্য চীন সদা প্রস্তুত ।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আজ রোববার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের নিকট অভিনন্দন বার্তা পাঠিয়ে শি জিনপিং  উল্লেখ করেছেন, চীন-বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও দৃঢ় হয়েছে।

তিনি বলেন, ৪৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দু'দেশই সর্বদা একে অপরকে সম্মান জানিয়ে এসেছে, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে বাড়িয়ে তুলেছে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে; যা দুই দেশের জন্যই সুস্পষ্ট সুবিধা বয়ে এনেছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর চীন এবং বাংলাদেশ উভয়ই নানা সংকটের মুখোমুখি হলেও, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহায়তা করেছে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হয়েছে।

এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বার্তায় বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে; যার প্রতি বাংলাদেশ বেশ গুরুত্ব দেয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতিতে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করে, ভবিষ্যতে দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া, চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও পৃথক অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

লি তার বার্তায় বলেন, চীন বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য দু'দেশ ও তাদের জনগণের উন্নতির জন্য উৎসাহী। এ ‌উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব দু'দেশের সময়ের পরীক্ষিত বন্ধুত্ব এবং সহযোগিতার ভেতর  থেকেই গড়ে উঠেছে।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।