ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i83886-ধর্ষণের_বিরুদ্ধে_কঠোর_ব্যবস্থা_নেওয়ার_নির্দেশ_দিয়েছেন_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী বলেছেন, এসব গণমাধ্যমে ব্যাপক প্রচার পাবার কারণে ধর্ষণের ঘটনা বেড়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ১৫, ২০২০ ১৪:২৯ Asia/Dhaka
  • ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী বলেছেন, এসব গণমাধ্যমে ব্যাপক প্রচার পাবার কারণে ধর্ষণের ঘটনা বেড়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ক্যাডার সার্ভিস যোগদানকারী নবীন অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব  কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, সরকার ধর্ষণের ঘটনা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি অধ্যাদেশও জারি করা হয়েছে।

ধর্ষণ-বিরোধী পথ নাটক

ওদিকে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ পুরোনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত পথনাট্য প্রদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের শিল্পীরা। 

নিপীড়িত মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার অন্যায়, নিপীড়ন, অনাচারের বিরুদ্ধে ‘নরকের কান্না’ নামক নাট্য পদযাত্রার নির্দেশনা ও সার্বিক পরিকল্পনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের সভাপতি নাঈম রাজ।

নাটক নির্মাণ সম্পর্কে নাঈম রাজ বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ ভয়াবহ রোগে আক্রান্ত। মানুষের মধ্যে ভয়ংকর রকমের মানবিক অবক্ষয় দেখা দিয়েছে। চারদিকে ধর্ষণের মহামারি ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে মায়ের কোলের চার বছরের শিশু, সত্তর বছরের বৃদ্ধা কিংবা সদ্যবিবাহিত নারী বর্তমান সমাজে কারো কোন নিরাপত্তা নাই। বিচারহীনতা এবং দুর্বল আইনের কারণে ধর্ষকেরা বা যৌন নিপীড়করা পার পেয়ে যাচ্ছে। নিপীড়কদের বিরুদ্ধে সামাজিকভাবেই প্রতিরোধ গড়ে তুলতে আমাদের এই পরিবেশনা।

টাঙ্গাইলে পাঁচজনের মৃত্যুদন্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের দায়ে পাঁচ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-মধুপুরের গোলাবাড়ি গ্রামের সাগর চন্দ্র শীল, গোপি চন্দ্র শীল,  চারাল জানী গ্রামের সুজন মনি ঋষি,  রাজন মনি ঋষি ও  সত্যজিৎ মনি ঋষি। এদের মধ্যে  সাগর চন্দ্র শীল, সুজন মনি ঋষি ও রাজন মনি ঋষি জামিন নিয়ে পলাতক রয়েছেন। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।