এজেন্টের বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করলেন মনিরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i83924-এজেন্টের_বের_করে_দেয়ার_অভিযোগ_বিএনপি_প্রার্থীর_অস্বীকার_করলেন_মনিরুল
ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বলেছেন, ভোট অত্যন্ত সুষ্ঠু হচ্ছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ১৭, ২০২০ ১২:১৪ Asia/Dhaka
  • এজেন্টের বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করলেন মনিরুল

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম বলেছেন, ভোট অত্যন্ত সুষ্ঠু হচ্ছে।

আজ (শনিবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে ১৪ ওয়ার্ডের অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরির্দশন করেও আমাদের কোনও এজেন্ট পাইনি।’

বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ

সালাউদ্দিনের অভিযোগ, আওয়ামী সন্ত্রাসীরা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। মানুষ ভোট দেওয়া অপেক্ষায় থালকেও সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে যাতে কেন্দ্রে না আসে। এরপরও কীভাবে ভোট সম্পন্ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টটদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্বপালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেয়নি। তারা নীরব ভূমিকা পালন করছেন।’

তিনি আরও বলেন, সরকার প্রথম থেকেই যেকোনও নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত ছিল। এখনও তাই করছে। এই সরকার ও নির্বাচন কমিশন কারচুপি ছাড়া কিছু উপহার দিতে পারেনি। এই পরিস্থিতি চলতে থাকলে, এখান থেকেই সরকার ও নির্বাচন কমিশনের পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেন।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর বিজয় চিহ্ন দেখান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম।

এদিকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম সকাল ১০টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর আমুলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটার উপস্থিতি নিয়ে মনিরুল ইসলাম বলেন, আমি পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি। ভোটার উপস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে।

বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, সালাহউদ্দিন আহমেদ শুরু থেকে নালিশ দিয়ে যাচ্ছেন, তাঁর কোনো ব্যানার-ফেস্টুন নেই, কোনো প্রচার নেই। তিনি নালিশ পার্টির লোক, শুধু নালিশ করেই যাচ্ছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

এদিকে, আজ নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।