সেনাবাহিনীর ৮ ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দেশ-বিদেশের হুমকি ঠেকাতে সদা-প্রস্তুত থাকুন: সেনাবাহিনীকে শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সেনাবাহিনীকে ঐক্য অটুট রেখে পবিত্র সংবিধান ও মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ ও বিদেশের যেকোনো হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সরকার চায় যে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাতৃভূমির প্রতি দায়িত্ব, কর্তব্যবোধ থেকে দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করুক।
আজ বুধবার পটুয়াখালী জেলার লেবুখালীতে তার নিজ নামে স্থাপিত শেখ হাসিনা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন আস্থার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রথম প্রয়োজন পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ। পেশাদারিত্বের এই কাঙ্ক্ষিত মানটি অর্জন করার জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ হতে হবে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি আকৃষ্ট হয়ে সৎ ও মঙ্গলময় জীবন বজায় রাখতে হবে।
তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, যদি কোনও সময় বাংলাদেশে হামলা হয়, সরকার সেই হামলা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে চায়। আমরা সেভাবে প্রস্তুত থাকতে চাই।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি এবং বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা ও যুদ্ধ চাই না। কারণ আমরা ইতিমধ্যে যুদ্ধের ধ্বংসলীলার সাক্ষী হয়েছি, আমরা যুদ্ধের শিকার, আমরা এই ধরনের দ্বন্দ্বে ফের জড়াতে চাই না।
তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির পথে যেতে চায়। দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি সরকারের মূল লক্ষ্য এবং তারা সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, একুশ শতকের ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সঙ্কট মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা ও দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি সামনের দিনগুলোতে তাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে বলেন।
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করে বলেন, করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সেনাবাহিনীর সদস্যরা প্রশংসিত।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পটুয়াখালীস্থ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট থেকে এই অনুষ্ঠানে বক্তব্য দেন।##
পার্সটুডে/এআরকে/এমএএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।