যুক্তরাষ্ট্রের আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i84580-যুক্তরাষ্ট্রের_আমাদের_থেকে_শিক্ষাদীক্ষা_নেওয়া_উচিত_সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও ভোট গণনা শেষ করতে পারে না। আর আমরা ইভিএমে চার-পাঁচ মিনিটে ফল ঘোষণা করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১২, ২০২০ ১০:০৪ Asia/Dhaka
  • ভোট দেওয়ার পর ব্রিফিংয়ে সিইসি কে এম নূরুল হুদা
    ভোট দেওয়ার পর ব্রিফিংয়ে সিইসি কে এম নূরুল হুদা

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও ভোট গণনা শেষ করতে পারে না। আর আমরা ইভিএমে চার-পাঁচ মিনিটে ফল ঘোষণা করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত।'

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। আজ ঢাকা-১৮ সংসদীয় আসনের পাশাপাশি সিরাজগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হচ্ছে। উভয় আসনে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা উল্লেখ করে সেদিন এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম ওই কথা বলেছিলেন।

ফখরুলের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়ে আমি সব সময় বলি, এটা দেখতে হবে গ্লোবালি, কাজ করতে হবে লোকালি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংস্কৃতি দেড়শ বছরেরও বেশি। তা ছাড়া আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে ভালো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। আমার একটা কথা, তাদেরও আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত। কারণ, যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না। ইভিএমে আমরা চার-পাঁচ মিনিটে ভোট গণনা করে কেন্দ্রে ফল ঘোষণা দিয়ে দিই। এই জিনিস যুক্তরাষ্ট্রে নেই। তাদের গণতান্ত্রিক অভিজ্ঞতায় সেটা এখনো পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, তাদের কেন্দ্রীয় কোনো নির্বাচন কমিশন নেই।’

কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের প্রসঙ্গে সিইসি বলেন, একটি কেন্দ্রও কেউ দখল করেনি, কেউ দখলের পাঁয়তারা করেনি। বিএনপির পোলিং এজেন্ট কেন্দ্রে যায়নি। আমি খোঁজ নিয়েছি। আমার প্রিসাইডিং অফিসার আমাকে জানিয়েছেন, বিএনপির পোলিং এজেন্ট কেউ তাঁর কাছে রিপোর্ট করেনি। আর বিএনপির একজন সম্মানীয় ব্যক্তি আমাকে সকালে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, কয়েকজন আসবেন আমার কাছে অভিযোগ জানাতে। আমি তাঁর জন্য অফিসে গিয়ে বসেছিলাম। তাঁরা আসেননি। পরে আমি আমার অফিসে বলে এসেছি, কেউ যদি অভিযোগ নিয়ে আসে সেটা গ্রহণ করতে। আমি অভিযোগের বিষয়ে খোঁজ নিয়েছি। অভিযোগ সত্য নয়।

সিইসি আরো বলেন, ইভিএমের সঙ্গে ভোটারদের পরিচিতি কম হতে পারে। আমি সঠিক জানি না, এটা বিশ্লেষণের বিষয়। তবে এটা সব ক্ষেত্রে সঠিক না। স্থানীয় সরকার নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদ নির্বাচনে একটু কম হয়। আমার মনে হয়, ভোটাররা আসছে না কেন, এটা তাঁরা ভালো বলতে পারবেন। আমাকে জিজ্ঞেস করবেন আমার ম্যানেজমেন্ট ঠিক আছে কি না। ভোটাররা কেন্দ্রে তো যাবেন নিজের গরজে।

ভোটের এলাকায় সাধারণ ছুটি ঘোষণা না করা প্রসঙ্গে নির্বাচন কমিশনের প্রধান আরো বলেন, এর আগে সাধারণ ছুটি ঘোষণা করার ফলে দেখা গেছে, অনেকেই ছুটি পেয়ে বাড়ি চলে যায়। এই কারণে ভোটার কম হয়। এটা বিবেচনা করে এবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। ভোট দিতে তো বেশি সময়ের প্রয়োজন হয় না। তাই এবার আর সাধারণ ছুটি দেওয়া হয়নি।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বী। এস এম জাহাঙ্গীর হোসেন সকালে ভোট দেওয়ার পর অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এ ভোট সুষ্ঠু হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি উল্টো অভিযোগ করে বলেছেন, নির্বাচন এলেই বিএনপি এ ধরনের অভিযোগ করে। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।