আপনাদের ফলাফল তো আগেই তৈরি থাকে: সিইসিকে ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i84629-আপনাদের_ফলাফল_তো_আগেই_তৈরি_থাকে_সিইসিকে_ফখরুল
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‘ র আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা করা হাস্যকর বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিইসি একটি অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন ৫ মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা  করতে পারে  কারণ  ফলাফল আগেই নির্ধারণ করা থাকে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
নভেম্বর ১৪, ২০২০ ১৩:৫৬ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‘ র আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা করা হাস্যকর বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিইসি একটি অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন ৫ মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা  করতে পারে  কারণ  ফলাফল আগেই নির্ধারণ করা থাকে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন ফখরুল। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার ও পরদিন রোববার দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতা-কর্মীরা এই সমাবেশে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ১২ তারিখ উপনির্বাচনের দিন বাস পোড়ানোর ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, তারা পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের বশংবদ, অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণেই ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখে হয়েছে এবং রাতের অন্ধকারে জনগণের সমস্ত অধিকার তারা লুট করে নিয়ে গেছে।’

 ‘পরবর্তীকালে যতগুলো নির্বাচন এই সরকারের অধীনে ও নির্বাচন কমিশনের পরিচালনায় হচ্ছে, প্রত্যেকটি নির্বাচনে তারা (নির্বাচন কমিশন) তাদের (সরকার) পক্ষে লুট করে নিয়ে যায়। এর ফলে এই নির্বাচন কমিশনের ওপর থেকে ধীরে ধীরে জনগণের আস্থা শূন্যের কোটায় চলে আসছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনের নির্বাচনে এত সন্ত্রাস, এত কারচুপি, এত ভয়¬ভীতি প্রদর্শন করার পরও ১৪ পার্সেন্টের বেশি ভোট নির্বাচন কমিশন দেখাতে পারেনি।

তিনি বলেন, ‘এই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন, তাদের লাজ-লজ্জা-শরম-হায়া বলতে কিছু নেই। তাদের লজ্জা শরম যদি থাকত, তাহলে অনেক আগেই পদত্যাগ করে চলে যেত। তারা আজকে সম্পূর্ণভাবে এই আওয়ামী লীগ সরকারের বশংবদে পরিণত হয়েছে।’ 

তিনি বাস পোড়ানোর ঘটনায় মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি ও ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি করেন। এ সময় তিনি জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানান

 রাজধানীতে বাসে আগুন: আট থানায় ১৪ মামলা 

এদিকে,  রাজধানীতে বাসে আগুন ও নাশকতার মামলায় আরেকজন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে মোট গ্রেপ্তার হলেন ৩৮ জন।  এ পর্যন্ত ৮টি থানায় মোট ১৪টি মামলা রুজু  হয়েছে । এর মধ্যে গতকাল ১০টি মামলায়, ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর উত্তরা পূর্ব থানার মামলায় ৯ আসামিকে পাঠানো হয়েছে, কারাগারে। #

পার্সটুডে/এরআরকে/ এমএএইচ/১৪