প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না।
শনিবার সকালে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র দোতলা বাস সার্ভিসের উদ্বোধনকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ এদেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল। আওয়ামী লীগ ৭৫ এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা, গ্রেনেড হামলাসহ ২০ বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।’
তিনি বলেন, ‘গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায়।’
তিনি বলেন, ‘এদেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি, তারা সেটাই চর্চা করে চলেছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন বলেই জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে।’
সমালোচনা রুখতে না কি সরকার বিরোধীদের গুম করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার। সমালোচনা করলে গুম করা হয় এমন কোন তথ্য কি বিএনপির কাছে আছে? এ ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন পরিহার করুন।
দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে: গয়েশ্বর চন্দ্র
ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,বর্তমানে যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চলছে, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এ স্বৈরতান্ত্রিক মানসিকতা সম্পন্ন এক ব্যক্তির শাসনে দেশটা ধ্বংস্তূপে পরিণত হচ্ছে। তার আগেই উদ্যোমী হয়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আপনারা বলেছেন, আজকে স্বেচ্ছায় রক্তদান- এ রক্ত কারা পাবে? শ্রমজীবীরা পাবে, সাধারণ রোগীরা পাবে। তারা যেমন উপকৃত হবে, এটা মানবতার সেবার একটি অংশ। পাশাপাশি এ কর্মসূচির মধ্য দিয়ে আপনারা রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরিয়ে আরেকটি একাত্তর সৃষ্টি করবেন, বাংলাদেশকে মুক্ত করবেন, গণতন্ত্র মুক্ত করবেন- এটা আমরা আশা করি।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান বাবুল আখতার/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।