ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i84835-ক্ষমতা_কচুপাতার_শিশির_বিন্দুর_মতো_আজ_আছে_কাল_নেই_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি দল দেশের শান্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০২০ ১৩:১৯ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি দল দেশের শান্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।

তিনি বলেন, তারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে আপনারা দখলে নিবেন। অপদখল থেকে কিভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায়। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায়। চোরা গলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে। আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে আপনাদের সক্ষমতা কতটুকু ইতিমধ্যে দেশের জনগণ বুঝে গেছে।

আজ সোমবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা হলরুমে কম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণসভায় ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, ক্ষমতা আজ আছে কাল নেই। কচুপাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। যদি আপনাদের আচরণ খারাপ হয়। তরুণ প্রজন্মের মাঝে একটি প্রবণতা আছে যে রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করতে চায়। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনাসভায় আরো বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।