ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i84948-ভাস্কর্য_নিয়ে_মনগড়া_ব্যাখ্যা_মুক্তিযুদ্ধের_চেতনা_ও_দেশের_সংস্কৃতির_প্রতি_চ্যালেঞ্জ_কাদের
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে,তার পেছেনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ: কাদের

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে,তার পেছেনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।’

এ সময় তিনি বলেন, ‘ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ।’ এর আগে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী  হুমকি  দিয়েছেন,  বাংলাদেশে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হবে। সেটা যদি তার নিজের  বাবার নামেও তৈরি রা হয়। ,

মাহফিলে প্রধান বক্তা থাকার কথা ছিল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের। কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে প্রতিহত করার ঘোষণা দেয় জঙ্গিবাদবিরোধী ছাত্র যুব ঐক্য পরিষদ। তাই এই মাহফিল ঘিরে আশপাশের এক কিলোমিটার এলাকা পর্যন্ত জোরদার পুলিশি পাহারা ছিল।

প্রশাসনের অনুরোধে মামুনুল হক ঢাকায় ফিরে গেছেন বলে মাহফিলে জানান জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। সংঘাত চাই না। মামুনুল হকও সমাবেশে আসতে আগ্রহী ছিলেন না। আমরা তাঁকে আনতে আগ্রহী নই। কিন্তু তারপরও কিছু কুচক্রী হাটহাজারী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ ও অশ্লীল স্লোগান দিয়েছে। এটি একজন আলেমের সঙ্গে বেয়াদবি।’

জুনায়েদ বাবুনগরী বলেন, বর্তমান পুরো বিশ্বে আস্তিক আর নাস্তিকের লড়াই চলছে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো লড়াই নেই, শুক্রবারের জুমার নামাজে তারাও পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে। আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন হয়, মুসলমান হিসেবে সবাই ভাই ভাই। কিন্তু আস্তিক আর নাস্তিক কখনো এক হতে পারে না। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর এ কথার সঙ্গে সহমত পোষণ করছি। আমরাও চাই মদিনার সনদে দেশ চলুক।’

মাওলানা মামুনুল হককে দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটার নিন্দা জানান হেফাজতে ইসলামের আমির। তিনি বলেন, তৌহিদি জনতার ওপর এমন লাঠিপেটা বড়ই দুঃখজনক। বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার লোকজনকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা দিতে হেফাজতে ইসলাম বাধ্য হবে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।