বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i85184-বিএনপির_সঙ্গে_মৌলবাদের_কোনো_সম্পর্ক_নেই_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই। সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমনের নামে নাটকীয়তা করছে। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। আজ (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২০ ১২:৪২ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই। সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমনের নামে নাটকীয়তা করছে। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। আজ (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে যখন শ্রমিকরা বেকার হয়ে পড়ছে সেই সময়ে তাদের শ্রমের বিকল্প ব্যবস্থা না করে সরকার দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সেই সাথে কৃষকের উৎপাদিত আখ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি করছে তার কিছু অংশ কৃষি শিল্পে ব্যয় করলে তা বন্ধ করতে হবে না। দেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে, নেই বললেই চলে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আ. লীগ সরকার যতো দিন আছে ততো দিন কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।

ভাস্কর্য ভাঙচুরের মামলায় চারজনের রিমান্ড

অদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তারকৃত চার আসামিকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে দুই মাদ্রাসাছাত্রের পাঁচদিন এবং দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দৌলতপুর আমলি আদালত) আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হক এ আদেশ দেন।

গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজের সাহায্যে ভাঙচুরে জড়িত কুষ্টিয়ার জুগিয়া এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯), দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) এবং দুই শিক্ষক হলেন, মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আলামিন (২৭) ও পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে মো. ইউসুফ আলী (২৭)। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান// বাবুল আখতার/ ৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।