সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা: বিএনপিসহ সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i85466-সীমান্তে_বাংলাদেশী_নাগরিকদের_হত্যা_বিএনপিসহ_সংশ্লিষ্ট_মহলের_প্রতিক্রিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২০, ২০২০ ১৯:০২ Asia/Dhaka

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবে।

এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভি বলেন, ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা এখন দক্ষিণ এশিয়ার একটি ভয়ঙ্কর বধ্যভূমিতে পরিণত হয়েছে।’

ওদিকে,  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সবসময় চেষ্টা করে যাচ্ছে। বিজিবি দিবস-২০২০ উপলক্ষে আজ রবিবার রাজধানীর পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গত ১৭ ডিসেম্বর ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকে এবং এর আগে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, এ বিষয়ে কূটনৈতিকভাবে এবং বিজিবির পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে, যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। সেজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টাও অব্যাহত রয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য তাদের বলা হচ্ছে।

ওদিকে, মানবাধিকার সংস্থা ‘আইন ও শালিস কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, আওয়ামীলীগের গত ১২ বছরে প্রায় সাড়ে পাঁচ শত বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী- বিএসএফ। এই করোনার মধ্যেও গত প্রায় এক বছরে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হয়েছে ৪৫ জন বাংলাদেশি। এ ছাড়াও সীমান্তের নোম্যান্স ল্যান্ড ও নদীতে প্রায়ই বাংলাদেশি নাগরিকের   লাশ উদ্ধারের খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে।

বিএনপি  এ নেতা অভিযেআগ করেন, ‘সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় বর্ডার গার্ডের তরফ থেকে পতাকা বৈঠক করে লাশ গ্রহণ ছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা নেই।’

বিজিবি দিবস উদযাপন উপলক্ষে আজ রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি মহাপরিচালক সকালে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষে সকালে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ জনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যরা যুক্ত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বৈশ্বিক করোনা মহামারিতে বিজিবি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী দিনগুলোতে সরকারের অর্পিত যে কোন দায়িত্ব আরও দৃঢ় মনোবল, সততা, নিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের সাথে পালন করতে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/ ২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।