নির্বাচন কমিশন নিয়ে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের পাল্টপাল্টি বক্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i85491-নির্বাচন_কমিশন_নিয়ে_ওবায়দুল_কাদের_ও_মির্জা_ফখরুলের_পাল্টপাল্টি_বক্তব্য
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২০ ১৬:০৫ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। তারা সবক্ষেত্রে ব্যর্থ। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। সেই ঝামেলা নিয়েই তারা এখন ব্যস্ত। দেশের কথা ভাবার সময় তাদের নেই।

তিনি বলেন, বিএনপি এখন সবদিক থেকে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনে যোগ দিয়ে দুপুর বেলা তারা নির্বাচন বর্জন করে। মূলত নির্বাচন কমিশনকে বির্তকিত করতে তারা নির্বাচন বর্জন করে।

গোটা জাতি  নির্বাচন কমিশনের পদত্যাগ চায়: বিএনপি

ওদিকে,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন,  গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। এ কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।'

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন,আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে। তারপরও দলটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে। এটা তাদের মুখে মানায় না। এটা ভূতের মুখে রাম নাম।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২১

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।