একতরফা নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের চেতনা: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i85654-একতরফা_নির্বাচনই_হচ্ছে_আওয়ামী_লীগের_চেতনা_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের ২৪ টি পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ উপলক্ষ্যে অধিকাংশ স্থানেই তাণ্ডবলীলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২০ ১৩:১৪ Asia/Dhaka
  •  একতরফা নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের চেতনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের ২৪ টি পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ উপলক্ষ্যে অধিকাংশ স্থানেই তাণ্ডবলীলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি দাবি করেন, একতরফা নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের চেতনা।  বন্দুকের জোরে গণতন্ত্রকে হত্যা করে দেশ থেকে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তারা এখন বাকশালী গণতন্ত্রের চর্চা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের কথাতেই বোঝা যায় যে, নির্বাচনে বিএনপি না আসুক, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই তারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। কারণ বিএনপির অংশগ্রহণের কারণে তাদেরকে (আওয়ামী লীগ) বিজয়ী হতে ভোটকেন্দ্র দখল করতে হয়, নিশিরাতে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরতে হয়, নির্বাচনে সহিংসতা করতে হয়, ভোটারদের ভয় দেখাতে হয়। ফলে তাদের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত হয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আর এই কারণেই ওবায়দুল কাদের সাহেবের বাকশালী চেতনা জাহির হয়ে পড়ে যে- বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করে।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। তার নমুনা আপনারা দেখেছেন গতকাল শত শত কোটি টাকার দুর্নীতি আর পাচারের সঙ্গে জড়িত এমপি পাপুলের স্ত্রী ও কন্যা জামিন পেয়েছেন। অথচ মিথ্যা অভিযোগে এদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। অথচ হত্যাকান্ডের আসামি, ক্যাসিনো কান্ডের হোতা, টাকা পাচার কান্ডের হোতাদের জামিন হয়। জামিন হয় না গণতন্ত্রকামী নেতাকর্মীদের। আইনের শাসন এখন আওয়ামী শাসনে পরিণত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নয়, আওয়ামী বিচারপতিরা বিরোধী দল নির্মূল করতে বেপরোয়া স্বাধীনতা ভোগ করছেন।’

রিজভী বলেন, ‘আজ দেশব্যাপী ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলোও আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন। দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘‘হার্ড হিটিং’’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।’

এ সময় রিজভী খুলনা,পঞ্চগড় কুড়িগ্রাম,শাহজাদপুর,খোকসা, গফরগাঁও। মানিকগঞ্জে সদরসহ বিভিন্ন স্থানে ভোটারদেরকেও ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া বিএনপি কর্মী ও অ সমর্থকদের ওপর  হামলা ,  পুলিশী তান্ডব ও ভোটকেন্দ্র দখল করে  আওয়ামী সন্ত্রাসীদের নৌকায় সিল মারার ঘটনা উল্লেখ করেন।

নির্বাচনী হাংগামা

পঞ্চগড় পৌরসভার নির্বাচনে কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর। জেলা শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পথে কেন্দ্রের সামনেই মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেন কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক।

আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আহত না হলেও তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওদিকে, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা আছে। ভোটের আগ্রহ আছে। তাই তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। মানুষের ধারণা কম ছিল। তবুও মানুষ ভোট দিতে পারছেন।

মন্ত্রী সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে মৌলভীবাজারে বড়লেখা পৌর এলাকার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্ত্যব্য করেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।