বাংলাদেশে সারাদেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত: বিএনপির অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i86057-বাংলাদেশে_সারাদেশে_দ্বিতীয়_ধাপে_৬০টি_পৌরসভায়_নির্বাচন_অনুষ্ঠিত_বিএনপির_অভিযোগ
সারাদেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় আজ শনিবার সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ৩১ পৌরসভায় ব্যালট পেপারে ভোট হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০২১ ১৩:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশে সারাদেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত: বিএনপির অভিযোগ

সারাদেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় আজ শনিবার সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ৩১ পৌরসভায় ব্যালট পেপারে ভোট হয়েছে।

এর আগে প্রথম ধাপে ২৮ ডিসেম্বরের ভোট অনেকটা শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ধাপের ভোটকে কেন্দ্র করে নির্বাচনের আগে কয়েকটি স্থানে  সংঘাত-সহিংসতার ঘটনা  ঘটেছে।

আজ ভোটের দিন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

তবে, দুপুরের আগেই নানা অনিয়মের অভিযোগ তুলে তিনটি পৌসভায় বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন।তাঁরা হলেন রাজশাহীর ভবানীগঞ্জের বিএনপি প্রার্থী আবদুল রাজ্জাক, বাগেরহাটের মোংলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী।

ওদিকে,শনিবার সকালে ভোটগ্রহণের সময় ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরণ ও সহিংসতায় ১ জন গুলিবিদ্ধ ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় শাহীন (২০) নামে গুলিবিদ্ধ এক যুবককে ফেনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে এক মেয়রপ্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এতে ভোটগ্রহণ বন্ধ রাখে  কর্তৃপক্ষ।

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) রেখে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকুল (নারিকেল গাছ) ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তোলেন।

বিএনপি’র অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনের মতো সারাদেশে চলমান দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও ভোটকেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ড. মোশাররফ বলেন, আমরা যতটুকু খবর পেয়েছি, আজকের পৌরসভার নির্বাচনেও ক্ষমতাসীনরা সকালে থেকেই আমাদের এজেন্টদের সেন্টারে যেতে দেয়নি, অনেক জায়গায় বের করে দিয়েছে। এমনকি বিএনপি সমর্থকদের ভোটকেন্দ্রের কাছেও যেতে দিচ্ছে না তারা।

নির্বাচনি ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে অভিযোগ করেন খন্দকার মোশাররফ বলেন, ভোটকেন্দ্রের অবস্থা কী, তা নিয়ে আওয়ামী লীগের কিছু কিছু নেতা মুখ খুলতে শুরু করেছেন। আওয়ামী লীগ প্রার্থীর মুখ থেকেই আসছে— সত্যিকার ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা নাকি দরজা খুঁজে পাবে না। আসলেই পরিস্থিতি তাই।

ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কঠোর সমালোচনা করেন ড. খন্দকার মোশররফ। তিনি বলেন, এমনিতেই মানুষ ভোট দিতে পারে না। এখন আবার মেশিনে ভোট। এই মেশিনের ভোটে দুরভিসন্ধি আছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। এর মধ্যে ১৯টি পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হন। বাকি দুটি পৌরসভায় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। ##

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।