নির্বাচন কমিশনটাই এখন রাবার স্টাম্পে পরিণত হয়েছে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i86064-নির্বাচন_কমিশনটাই_এখন_রাবার_স্টাম্পে_পরিণত_হয়েছে_বিএনপি
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশনটাই এখন পরিণত হয়েছে শেখ হাসিনার রাবার স্টাম্পে। অর্থ্যাৎ, যত অবৈধ ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন একটা সিলমোহর হিসেবে কাজ করছে ।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:৪৪ Asia/Dhaka
  • নির্বাচন কমিশনটাই এখন রাবার স্টাম্পে পরিণত হয়েছে: বিএনপি

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশনটাই এখন পরিণত হয়েছে শেখ হাসিনার রাবার স্টাম্পে। অর্থ্যাৎ, যত অবৈধ ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন একটা সিলমোহর হিসেবে কাজ করছে ।’

চলমান পৌরসভা নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে বিএনপি’র  সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী এ অভিযোগ করেন।

এ সময় রিজভী বলেছেন, ‘সারাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে- শুধু করচুপি নয়, ভোট ডাকাতি, ভোট সন্ত্রাস, বিরোধী পক্ষের ভোটাররা কেন্দ্রে যেতে না পারে এবং কর্মীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে না পারে-এজন্য সব ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি দলের লোকরা করছে পুলিশের ছত্রছায়ায়।’

এই বিএনপি নেতা আরো  বলেন, ‘এ বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসারকে যখন কমপ্লেইন করা হয় তারা নির্বিকার থাকেন। এটা যখন ফরওয়ার্ড করা হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তিনি এ বিষয়ে কোন কথা বলেন না। তিনি নিশ্চুপ থাকেন। কারণ শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনে।

উল্লেখ্য, রুহল কবির রিজভী গত বুধবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়িতে আসেন।

নিজের ভোটও দিতে পারেন নি বিএনপি প্রার্থী

এর আগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক প্রামানিক।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়ে আবদুর রাজ্জাক প্রামানিক বলেন, ‘শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমি আমার নিজের ভোটটা দিতে গিয়েছিলাম। নৌকার সমর্থকরা আমাকে আমার ভোটটাই দিতে দেয়নি। কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশের ইতিহাসে কোথাও এমন হয়েছে যে প্রার্থী তার নিজের ভোট দিতে পারেননি? এমন ভোটে থেকে লাভ কী?’

তিনি অভিযোগ করে বলেন, ‘কোনো কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট নেই। সবাইকে বের করে দেওয়া হয়েছে।’

নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি: নির্বাচন কমিশনার 

এদিকে, পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রাজধানীর অদূরে সাভার পৌরসভার তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে আজ  শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের কাছে দেয়া  এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। 

লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। তিনটি বুথে তিনজন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিল না। এছাড়া সাভার পৌর এলাকায় বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। একতরফা নির্বাচন কখনো কাম্য নয়।’##

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।