সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ, ভ্যাকসিন নিয়ে লুটপাটে লিপ্ত
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এখন ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন হয়েছে।এমনটি অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সেকারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নীরব ছিলেন না। তিনি সরাসরি রণাঙ্গণে থেকে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। শুধু তাই নয়, ৭৫ সালে যখন জাতি তার ওপরে দায়িত্ব অর্পণ করে তখন তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, আজকে বিএনপির ওপরে চলছে অত্যাচার নির্যাতন। ৩৫লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের খুন-গুম করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে নতুন করে শপথ গ্রহণ করছি। আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।’
এসময় মাজার প্রাংগনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সহ দলের এবং অংগ-সংগঠনের নেতা কির্মীরা।
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।