আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চট্টগ্রামের মেয়র নির্বাচিত, মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i86500-আওয়ামী_লীগ_প্রার্থী_রেজাউল_করিম_চট্টগ্রামের_মেয়র_নির্বাচিত_মিশ্র_প্রতিক্রিয়া
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর বাক্সে পড়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০২১ ০৮:৫৬ Asia/Dhaka

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর বাক্সে পড়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

গতকাল (বুধবার) দিবাগত রাত দুইটায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। গতকালকের এ নির্বাচনে ভোট প্রদানের হার ২২ দশমিক ৫২ শতাংশ। ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টির ফল ঘোষণা করা হয়। নির্বাচনী সহিংসতার কারণে পাথরঘাটা ওয়ার্ডের দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ভালো নির্বাচন হয়েছে: নির্বাচন কমিশন

ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ভালো নির্বাচন হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোয় নির্বাচনে সহিংসতার অনেক ঘটনা ঘটে। তবে চট্টগ্রামে কমই হয়েছে। দেশ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের প্রতি মানুষের অনীহাও বাড়ছে বলে মন্তব্য  করেন এই জ্যেষ্ঠ সচিব।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখানকার নাগরিকরা কেন যেন রাষ্ট্রের প্রতি তাদের একটা দায়িত্ব যে আছে, ভোট যে তার অধিকার, এটা তারা মনে করছেন না। ভোটের দিন তারা মনে করেন যে, কী কষ্ট করে যাবো, কেন ভোট দেব, ভোট দিয়ে আমার লাভ কী- এ ধরনের মনমানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে, উন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়।’

আমির খসরু মাহমুদ চৌধুরী

কোনো ভোটই হয়নি: বিএনপির অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোন ভোটই হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ভোটের নামে আওয়ামী লীগ কেন্দ্রে কেন্দ্রে সন্ত্রাসীদের মিলনমেলা করেছে এবং অন্তত ৫ শতাধিক ভোট কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে। এ নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে চরম নির্যাতন-নিপীড়ন যুক্ত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটায় চসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবন প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'পুলিশ নির্বাচনী প্রজেক্টের আওতায় যে নির্দেশনা পেয়েছে সেটা তারা অক্ষরে অক্ষরে তা পালন করেছে। চট্টগ্রাম মহানগরীর মানুষকে তারা আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।'

তিনি বলেন, '১৮ কোটি মানুষ এখন বিশ্বাস করে এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। এখন ভোট ডাকাতি নয়, মানুষের মৃত্যু হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এটা আরেকটা পর্যায়ে চলে যাচ্ছে। এ সরকারের অধীন কোন নির্বাচন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না।'

ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, 'আওয়ামী লীগের সাথে তাদের নির্বাচন হয়নি- নির্বাচন হয়েছে পুরো প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের সঙ্গে। আমরা মনে করেছিলাম উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন করব। আমরা মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু নির্বাচনটা আমাদের সাথে আওয়ামী লীগের হয়নি।'

ওবায়দুল কাদের

ভোটাররা যাতে কেন্দ্রে না আসেন, বিএনপি সেই কাজটিই করেছে; আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার জন্যে বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাংগঠনিক দুর্বলতার জন্য তারা কেন্দ্রে এজেন্ট দিতেও পারেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ভোটাররা যাতে কেন্দ্রে না আসেন, সেই কাজটিই করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন

ওদিকে, রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে (ইসি) বুধবার লিখিত অভিযোগ জমা দেয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবীর কাউছার সাংবাদিকদের বলেন, 'আমরা আশা করেছিলাম যে, নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে, সকালবেলা বিভিন্ন কেন্দ্রে প্যানিক (ভীতি) সৃষ্টি করা হয়েছে। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে না পারে।'#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।