সরকার ক্ষমতায় থাকতে পুলিশি ক্ষমতা ব্যবহার করছে : খন্দকার মোশাররফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i88032-সরকার_ক্ষমতায়_থাকতে_পুলিশি_ক্ষমতা_ব্যবহার_করছে_খন্দকার_মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে দেশে কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না সেই দেশে গণতন্ত্র থাকে কিভাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৩:৪১ Asia/Dhaka
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে দেশে কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না সেই দেশে গণতন্ত্র থাকে কিভাবে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশি ক্ষমতা ব্যবহার করছে। পুলিশি ক্ষমতা ব্যবহার করে বেশিদিন টিকে থাকা যায় না।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। সরকার যদি সঠিকভাবে মুশতাকের চিকিৎসার ব্যবস্থা করত, তবে এমন ঘটনা ঘটত না। সেই প্রতিবাদে আমাদের ছাত্ররা শাহবাগে শান্তিপূর্ণ সমাবেশ করেছে, তাদের ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আজ যখন প্রেস ক্লাবে শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছে, সেখানেও পুলিশ হামলা চালিয়েছে। টিয়ার শেল নিক্ষেপ করেছে, রাবার বুলেট ছুড়েছে, অনেক ছাত্রকে আটক করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে দেশে কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না, সেই দেশে গণতন্ত্র থাকে কিভাবে? এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশি ক্ষমতা ব্যবহার করছে। পুলিশি ক্ষমতা ব্যবহার করে বেশিদিন টিকে থাকা যায় না।

এ দেশের মানুষের হৃদয় থেকে বিএনপি ও জিয়াউর রহমানকে সরিয়ে ফেলা যাবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ মূলত বিএনপিকে ভয় পায়। বিএনপি যেসব ক্ষেত্রে সফল হয়েছে, তারা সেখানে পারে না। এ জন্য তারা ক্ষমতায় বসে নৈরাজ্য করছে, বিএনপিকে হঠাতে চাইছে। সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।