বাংলাদেশে করোনার হট-স্পটগুলোতে লকডাউন দেয়ার দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i89084-বাংলাদেশে_করোনার_হট_স্পটগুলোতে_লকডাউন_দেয়ার_দাবি
দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা  অব্যাহত  থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হট-স্পট চিহ্নিত করে  সেসব  স্থানে  লকডাউন  ঘোষণার দাবি জানিয়েছেন স্বাস্থ্য  বিশেষজ্ঞগণ । 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
মার্চ ২৪, ২০২১ ১৩:৩৫ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা  অব্যাহত  থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হট-স্পট চিহ্নিত করে  সেসব  স্থানে  লকডাউন  ঘোষণার দাবি জানিয়েছেন স্বাস্থ্য  বিশেষজ্ঞগণ । 

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট  আজ এক জরুরী বিবৃতিতে জানিয়েছেন,  করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে  চলা,  মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা  এ মুহূর্তে  জরুরি। এটি বাস্তবায়নে জনসাধারণকে সচেতন ও  উদ্বুদ্ধ করতে  আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে প্রয়োজনে কঠোর হতে হবে। 

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক চিকিৎসকদের  এ সংগঠনটি একই  সাথে দাবি করেছে  নতুন করে লক-ডাউন  কার্যকর করতে গিয়ে   দুস্থ এবং  নিম্ন আয়ের মানুষেরা যাতে  বিপন্ন অবস্থায় না পড়ে সেই লক্ষ্যে ও  সাধারণ মানুষদের বেঁচে থাকার  ন্যূনতম চাহিদা পূরণের জন্য আপদকালীন  রেশনিং  সহ  চিকিৎসাসেবা চালু রাখতে হবে। 

এদিকে,  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন,  আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেয়া হচ্ছে। 

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, হাসপাতালের তথ্য বলছে, সম্প্রতি যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারাই করোনায় বেশি সংক্রমিত হচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু তা আসলে নয়। টিকা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এরপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই দেশের মানুষকে বাঁচাতে, অর্থনীতিকে সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

ইতোমধ্যে, গত ২১ মার্চ থেকে সারাদেশে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।  সচেতনতা বাড়াতে সারাদেশের পুলিশের ইউনিটগুলো ব্যানার টানিয়েছে,  মাইকিং করছে। তাছাড়া, রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই তার মুখে মাস্ক পরিধান করিয়ে দেয়া হচ্ছে। সারাদেশে প্রাথমিকভাবে পুলিশের কাছে ১০ লাখ মাস্ক দেয়া হয়েছে। অবস্থাভেদে কোনো কোনো স্থানে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। 

অপরদিকে,  করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে  রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র এ আহ্বান জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটি নিবেদন করব। যেহেতু করোনা মহামারির সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত আটটার মধ্যে অবশ্যই সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

এ বিষয়ে  ডিএসসিসি ‘র পক্ষ থেকে গণ-বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানান হয়েছে, আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৩ হাজার ৫৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন। #

ARK-24/পার্সটুডে/MAH