বাংলাদেশে চলমান লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ল
করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। এদিকে, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকারের সকল নির্দেশনা মেনে আগামীকাল (২৪মে) থেকে ট্রেন চালানো হবে।
আজ দুপুরে রেল ভবনে মধুখালী হতে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১০৮টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৫৬টি চালানো হবে। এতে অর্ধেক আসন ফাঁকা থাকবে। টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনও টিকিট রাখা হয়নি। এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চলানো হবে।
এদিকে আজ মধ্যরাত থেকে সরকারের সব নির্দেশনা মেনে লঞ্চ চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংস্থাটির সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সরকার সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী মধ্যরাত থেকে লঞ্চ চালানো যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাজার, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হবে।
পরিস্থিতি বুঝে কোর্ট বাড়ানোর সিদ্ধান্ত
করোনা পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্টে বেঞ্চের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার (২৩ মে) ভার্চুয়ালি আপিল বিভাগের শুনানি চলাকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিচ্ছি।’
সার্বিক পরিস্থিতি দেখে অ্যাটর্নি জেনারেল ও বারের সম্পাদকের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নিয়মিত আদালত খুলে দেওয়া এবং হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়ানোর দাবি করলে প্রধান বিচারপতি এ সব কথা বলেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।