বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনার হানা: উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i92544-বাংলাদেশের_পশ্চিম_ও_দক্ষিণ_পশ্চিম_সীমান্তের_জেলাগুলোতে_করোনার_হানা_উদ্বিগ্ন_স্বাস্থ্য_বিশেষজ্ঞগণ
বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। নতুন শঙ্কা বাড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই সংক্রমিত জেলায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধের সুপারিশ করেছেন তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০২১ ১৭:০৭ Asia/Dhaka

বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। নতুন শঙ্কা বাড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই সংক্রমিত জেলায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধের সুপারিশ করেছেন তারা।

করোনার বিস্তার রোধে খুলনায় জারি করা হয়েছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ।  নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সারা দেশে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল আটটা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন হাজার ৯৮৮ জন। নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল লাখ হাজার ২৯৩ জনে

সংক্রমণ বাড়ছে  রাজশাহী বিভাগে

রাজশাহী বিভাগের আরও তিন জেলায় বেড়েছে সংক্রমণ।  নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে শনাক্তের হার বেড়েছে টানা তিনদিন।  এর মধ্যে নওগাঁয় সবচেয়ে বেশি ৩৯ শতাংশ। এর আগে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়ায় আরও ৭দিন বাড়ানো হয়েছে লকডাউন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, তিন দিন আগে জেলায় শনাক্তের হার ছিল ৫৪ শতাংশ। পরদিন কমলেও ফের বেড়েছে। পাশের জেলা রাজশাহীর চিত্রও একই রকম।  মে মাসের শেষদিন শনাক্তের হার ৪২ শতাংশ। রাজশাহী জেলা সিভিল সার্জন কাইউম তালুকদার বলেছেন, স্থানীয় অধিবাসিদের মাঝে করোনা নিয়ে  একরকম গাছাড়া ভাব থাকার কারণে অসতর্কতা থেকে  সংক্রমণ বাড়ছে।  ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসার ওপর জোর দিচ্ছেন  বিশেষজ্ঞরা। 

নওগাঁ  এবং  নিয়ামতপুরে  বিশেষ লকডাউন ঘোষণা

রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সীমান্ত জেলা নওগাঁতেও।  গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আওতায়, গণপরিবহন নিষিদ্ধসহ ১৫ দফা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আজ বুধবার দুপুরে  এক সংবাদ সম্মেলন দেকে  জেলা প্রশাসক হারুন অর রশীদ এ লকডাউন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ৩ জুন রাত ১২টা ১মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে। এসময় নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলায় অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।

খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ

অপরদিকে, দক্ষিণ-পশ্চিমের বিভাগ খুলনাতেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকহারে। এখানেও তিন দিনের হিসাবে শনাক্তের হারে এগিয়ে খুলনা জেলা। সবশেষ যা ৪৯ শতাংশ। এরপর সাতক্ষীরা ৩৮, যশোর ২৯ ও কুষ্টিয়ায় শনাক্তের হার ১৪ শতাংশ। এ  অবস্থায় করোনা সংক্রমণ রোধে খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  বুধবার (২ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভারত-নেপালসহ ১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

অপরদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ভারত, মালয়েশিয়া, নেপালসহ ১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর সঙ্গে আগামী শুক্রবার (৪ জুন) থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে কোনো বাংলাদেশি প্রবাসী নাগরিক বা ভ্রমণকারী ১৫ দিনের মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা ১১ দেশের কোনোটিতে গিয়ে থাকলে বিশেষ অনুমতি নিয়ে তারা দেশে ফিরতে পারবেন। মঙ্গলবার (১ জুন) রাতে জারি করা বেবিচক-এর  প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলো হলো-আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।। প্রজ্ঞাপনে আরও আটটি দেশকে ‘গ্রুপ-বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্যাটাগরির দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশগুলো হচ্ছে-বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত ও ওমান। বেবিচক জানিয়েছে, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরে সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন সেন্টারে তিন দিন থাকতে হবে। তিন দিন পর তাদের করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।