বিএনপি গণতন্ত্রের হত্যাকারী- কাদের : লুটপাটে ব্যস্ত সরকার- ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i92672-বিএনপি_গণতন্ত্রের_হত্যাকারী_কাদের_লুটপাটে_ব্যস্ত_সরকার_ফখরুল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে।  
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
জুন ০৫, ২০২১ ১৩:৫৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার বিএনপিকে এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে অভিহিত করে বলেছেন, বিএনপি নির্বাচনের কফিনে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছে।  

আজ (শনিবার) সকালে নিজ  সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সেনা প্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেনাশাসক জিয়া।  তিনি প্রশ্ন করেন, ১৯৭৮ সালের ৩ জুন জিয়াউর রহমান কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল? তার আগে ১৯৭৭ সালে হ্যাঁ-না ভোটের নামে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা, গুম করেছিল- ওবায়দুল কাদের তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে।

বিএনপি নেতাদের গণতন্ত্র প্রতিষ্ঠার বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তীব্র সমালোচনা আর মিথ্যাচারের তীর ছুঁড়ে এবং দলীয়ভাবে আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি?’

দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত সরকার: মির্জা ফখরুল

ওদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের মূলে রয়েছে দুর্নীতি ও লুটপাট। এমনকি জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকাও তারা  লুট করেছে।

শনিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। লুটপাট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড আমি দেখতে পাই না। কোভিডে মানুষের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এজন্য মানুষকে বাঁচাতে হলে তাদের কাছে ক্যাশ টাকা পৌঁছাতে হবে। তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, কিন্তু ওই দিকে সরকারের কোন ব্যবস্থা নেই।

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে একটি দানব সরকার আমাদের সব কিছুকে তছনছ করে দিয়েছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা কেউ হতাশ হবেন না। হতাশ হওয়ার কথা বললে ভালো থাকা যায় না। হতাশা শব্দ কখনোই সামনে আনবেন না।  লড়াই করেই বেঁচে থাকতে হবে। পরিকল্পিত সংগ্রামের মাধ্যমে এসব প্রতিহত করতে হবে বলে জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।