বাংলাদেশে করোনায় আরো ৪০ জনের মৃত্যু, টিকা সংকট নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i92908-বাংলাদেশে_করোনায়_আরো_৪০_জনের_মৃত্যু_টিকা_সংকট_নিয়ে_যা_বললেন_পররাষ্ট্রমন্ত্রী
সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবচন হচ্ছে “ দিবো দিবো কয়, দেয়তো না; একখান কতা বালা আছে, না তো করে না’ কোন বিষয়ে ওয়াদা করে কথা না রাখলে বা টালবাহানা করলে এ প্রবাদটি উচ্চারণ করা হয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১০, ২০২১ ১৮:৪৮ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরো ৪০ জনের মৃত্যু, টিকা সংকট নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবচন হচ্ছে “ দিবো দিবো কয়, দেয়তো না; একখান কতা বালা আছে, না তো করে না’ কোন বিষয়ে ওয়াদা করে কথা না রাখলে বা টালবাহানা করলে এ প্রবাদটি উচ্চারণ করা হয়।

সিলেটের অধিবাসী  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ  এ কে আব্দুল মোমেন ঠিক এরকম একটি পরিস্থিতিতে  আজ  বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে। কিন্তু হাতে আসছে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে কিছু ওষুধপত্র  হস্তান্তর অনুষ্ঠান শেষে  পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি। তবে সেটা করেছি সরকার থেকে। আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি। ফিলিস্তিনের জনগণের ওপর দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না। এ জন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না। দুই রাষ্ট্র নীতিতে এর সমাধান চাই।’

দেশে করোনা ভেকসিন সঙ্কট  নিয়ে পররাষ্ট্র মন্ত্রী জানান,  ‘যুক্তরাষ্ট্রের কাছে অনেক অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে জেনে সঙ্গে সঙ্গে তাদের অনুরোধ জানালাম। পরে জানা গেল,  করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম থাকায় বাংলাদেশ টিকা প্রাপ্তির দেশগুলো অগ্রাধিকারের তালিকায় নেই। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে, তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। শিগগিরই যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে এই টিকা বাংলাদেশে আসবে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী জানান, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ক্ষমাসীন আওয়ামী লীগকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে। আগামী  ১৩ জুন এই চিকিৎসাসামগ্রী ঢাকায় আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা বোঝাই হবার পর পর প্লেনে যে জায়গা থাকবে, সেটি পুরোটা ভরে নিয়ে আসবে।

উল্লেখ্য, চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা দেয়।

তাছাড়া, ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন।  দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

এ দিকে গত ২৫ মে থেকে দেশে চীনের সিনোফার্মার টিকার পর্যবেক্ষণমূলক প্রয়োগ শুরু হয়েছে। এ পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছে দুই হাজার ১৪২ জন। এদের মধ্যে এক হাজার ৫৭০ জন পুরুষ ও ৫৭২ জন নারী।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচ হাজার ২৮৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

দেশে বেড়েছে  সংক্রমণ ও মৃত্যু

এদিকে, দেশে করোনা সংক্রমনের হার এক দিনের ব্যবধানে আরও  বেড়েছে । গত ২৪ ঘণ্টায় করোনায় আরও  ৪০ জনের মৃত্যু হয়েছে এবং  নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন।b এর আগে বুধবার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু ও ২ হাজার ৫৩৭ জন শনাক্ত হয়েছেন।  আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ১৯ হাজার ৮৬৯টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাওয়া গেছে ১৩ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৮৯ জনে। আর মোট শনাক্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।