বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i93256-বিএনপিই_এদেশে_সহাবস্থানের_রাজনীতির_পথে_অন্তরায়_কাদের
দীর্ঘ তের বছরের বেশী সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু শব্দ চয়ন করে মন্তব্য করেছেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০২১ ১০:৪১ Asia/Dhaka
  • আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

দীর্ঘ তের বছরের বেশী সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু শব্দ চয়ন করে মন্তব্য করেছেন, ‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’

আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি যারা ‘হত্যা ও ষড়যন্ত্রকে’ রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে।  তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি সহবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিনের পর দিন।’ বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা। ওবায়দুল কাদের উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধীদল। কিন্তু বিএনপি সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে । 

এসময় ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে  প্রশ্ন করেন ‘ভোটারবিহীন নির্বাচন, হ্যাঁ, না ভোটের নামে প্রহসন, এক কোটি ২৭ লাখ ভুয়া ভোটার সৃষ্টি, মাগুরার নির্বাচন, ১৫ ফেব্রুয়ারির জালিয়াতির নির্বাচন কী স্বাধীনতার চেতনা ছিল?’জনগণ আওয়ামী লীগের বিচার করবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, ইতিমধ্যে অপরাজনীতির জন্য জনগণের আদালতে বিএনপির বিচার শুরু হয়ে গেছে। নির্বাচন ও আন্দোলনে জনগণের প্রত্যাখ্যান তারই প্রমাণ।’ মিথ্যাচার আর অপরাজনীতির জন্যে এখন বিএনপিই  ইতিহাসের কাঠগড়ায়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।