সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা: জাফরুল্লাহ চৌধুরী
সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে -এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমুখী চিকিৎসা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আজ শনিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী-অবিভাবক ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ সব কিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। এই ভুলের সংশোধন তারা (সরকার) করবে না। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে কিন্তু হল খুলবেন না। ছাত্ররা কি মাঠে বসে থাকবে?
ডা. জাফরুল্লাহ চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে আজ পরীমনি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকার সব ভুল সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক।
মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উনি জানেন আজ যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়, যদি হলগুলো খুলে দেওয়া হয় তাহলে হলে বিরোধীদলীয় ছাত্ররা ক্যাম্পাসে ডুকবে। তখন ক্যাম্পাসে ছাত্রলীগ থাকতে পারবে না, ডিবির লোক থাকতে পারবে না। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বিরোধী দলীয় প্রগতিশীল ছাত্রদের দখলে যাবে। তারা বলবে ভোট চাই, শিক্ষা চাই, ওষুধ চাই, টিকা চাই। করোনার বিরুদ্ধে ব্যবস্থা চাই, আমরা গরিব মানুষের মুক্তি চাই, অর্থ চাই, অন্ন চাই। এসবের কিচ্ছু দিতে পারবে না সরকার। এই কারণে আমরা যতই কথা বলি-না-কেনো ওরা (সরকার) কোনো দাবি মানবে না।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। জনগণের সরকার হলে জনগণের কথা ভাবত। এক সময়ে অত্যাচারী রাজারা চাইত না তার রাজ্যের লোকেরা শিক্ষিত হোক। তারা মনে করত জনগণ শিক্ষিত হলে তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে। শেখ হাসিনা ভাবছে জনগণ শিক্ষিত হলে তার বিরুদ্ধেও জনগণ বিদ্রোহ করবে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক-কর্মচারী-অবিভাবক ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুঁইয়া প্রমুখ।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।