করোনার মধ্যেও থেমে নেই 'বন্দুকযুদ্ধ': ফখরুল বললেন 'দেশে চরম দুঃসময় চলছে'
বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও থেমে নেই বিচারবহির্ভুত হত্যাকাণ্ড। আজ (শুক্রবার) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসেও 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে রাজশাহীর গোদাগাড়ীতে শামীম নামের ২১ বছরের এক যুবক।
রাজশাহী জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাত ২টার দিকে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল টহল দেবার সময় একদল দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ অবস্থায় একজন সেখানে পড়ে থাকে। হামলাকারী অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করার কথা জানিয়েছে। পুলিশ ধরে নিয়েছে- চুরি এবং স্থানীয় চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে শামীম জড়িত ছিল।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান বিচারবহির্ভুত হত্যা, গুম, গ্রেফতার এবং নির্যাতন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সামাজিক মাধ্যমে দেয়া এক সাম্প্রতিক বক্তব্যে দেশের নাগরিকদের তাদের অধিকার নিয়ে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেই দেশকে দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্ত করা যাবে।f
এদিকে, আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে। এ ক্ষেত্রে গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র।
দেশের গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'বিশ্বব্যাপী করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশে বিএনপি নেতাকর্মীসহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক থেমে থাকছে না। বরং সরকারের জুলুমের গতি আগের মতোই চলমান আছে। জাতির সব অর্জন ও অগ্রগতি এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে।“
এর আগে অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার পায়ে পিস্তল ঠেকিয়ে পুলিশ গুলি করে যে পৈশাচিক কর্মযজ্ঞ ঘটিয়েছে তা রাষ্ট্রীয় আইনে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি মানবতাবিরোধী অপরাধ’।
পুলিশ গত ১৭ জুন বৃহস্পতিবার ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের মানুষের জান-মালের নিরাপত্তার বিধান করা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। অন্যায় এবং বেআইনিভাবে যত্রতত্র নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, নির্যাতন ও পঙ্গু করা এখন যেন তাদের নিত্য দিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে’।
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু জনগণের নিকট সরকারের কোনো জবাবদিহিতা নেই, তাই গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় অপশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে হুমকি, ভয় দেখিয়ে ও নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এখন সম্পূর্ণভাবে বিপন্ন।'
এ প্রসঙ্গে মির্জা ফখরুল উল্লেখ করেন, দলের চেয়ারপার্সন 'বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজা দিয়ে কারাবন্দি করে তার ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হয়েছে। কারাবন্দি অবস্থায় যথাযথ সুচিকিৎসা না দিয়ে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। তার সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তার সুচিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এটা সরকারের প্রতিহিংসা ও চরম নির্যাতনের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।'#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।