করোনা মহামারীর মধ্যেই বুধবার সিলেট-৩ আসনের উপনির্বাচন
-
সিলেট-৩ আসনের উপনির্বাচনের ৪ প্রার্থী
করোনার ভয়াবহ সংক্রমণ ও চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী ২৮ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট-৩ আসনের উপনির্বাচন। তবে স্বাস্থ্যবিধি মেনেই ওইদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে গতকাল দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা শেষে সিইসি সাংবাদিকদের জানান, আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
তিনি জানান, ২৮ জুলাই অনুষ্ঠেয় সিলেট-৩ আসনের উপনির্বাচনের সব কার্যক্রম লকডাউনের আওতামুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
এসময়, সব ভোটারকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন। এতে কারো সংশয়ের অবকাশ নেই। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমাদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, সিলেট মহানগর ও জেলা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী বুধবার (২৮ জুলাই) ভোটগ্রহণ হবে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার এবং মোট ভোট কেন্দ্র ১৪৯টি।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা ও জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনেদ মুহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।