হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে: তিনটি মামলা দায়ের
-
আদালতে হেলেনা জাহাঙ্গীর
বাংলাদেশের রাজধানীর গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (শুক্রবার) মামলার তদন্ত কর্মকর্তা শেখ শাহানুর আলম মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে হেলেনাকে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম তার জামিন আবেদন করেন এবং রিমান্ডের বিরোধিতা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রিমান্ডের দাবি জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়। গুলশান থানার তদন্ত কর্মকর্তা শেখ শাহানুর আলম তাকে আদালতে নিয়ে আসেন। রিমান্ড আদেশের পর আবার গুলশান থানা পুলিশের কাছেই হেলেনা জাহাঙ্গিরকে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।
তাকে আটকের পর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৩ নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সেখানে চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া টিভি চ্যানেল পরিচালনার কারণে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযান শেষে র্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ জানান, হেলেনা জাহাঙ্গীর তার জয়যাত্রা টেলিভিশনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিলেন। প্রবাসী প্রতিনিধি নিয়োগের নামে তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন। বৈধ কাগজপত্র না পাওয়ায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এখানে জয়যাত্রা ফাউন্ডেশনের অফিস পেয়েছি। এ বিষয়েও তদন্ত করা হবে।
শুক্রবার সন্ধ্যায় তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এরপর রাতে পল্লবী থানায় র্যাব বাদী হয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এর ৩৫, ৫৫, ৭৩ ধারায় মামলাটি দায়ের করে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।