গণঅভ্যুত্থানের মাধ্যমে “দুর্নীতিবাজ ফ্যাসিস্ট” সরকারে পতনের আহবান বিএনপি’র! কাদের বললেন দিবাস্বপ্ন!
https://parstoday.ir/bn/news/bangladesh-i97912-গণঅভ্যুত্থানের_মাধ্যমে_দুর্নীতিবাজ_ফ্যাসিস্ট_সরকারে_পতনের_আহবান_বিএনপি’র!_কাদের_বললেন_দিবাস্বপ্ন!
 ব্যাপক গণঅভ্যুত্থানের মাধ্যমে “দুর্নীতিবাজ ফ্যাসিস্ট” সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৬:৪২ Asia/Dhaka
  • কাদের ও ফখরুল
    কাদের ও ফখরুল

 ব্যাপক গণঅভ্যুত্থানের মাধ্যমে “দুর্নীতিবাজ ফ্যাসিস্ট” সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী হান্নান শাহ'র স্মরণ-সভায় এ আহ্বান জানান বিএনপি মহাসচিব

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পতনের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এ জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলনের কর্মপন্থা নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায়  বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করছে  বিএনপি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর প্রথম দফায় দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এরপরে দ্বিতীয় দফায় গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর দলটির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে দলটি।

তাছাড়া নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে  আগামী ১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শনিবার দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে। আজকে আমরা বিভক্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি সাংবাদিক সমাজ, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘এই সরকারকে সরাতে হলে জনগণের মধ্যে যেমন দৃঢ় ঐক্যের প্রয়োজন আছে, একই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাসী সংগঠনগুলোর মধ্যেও ঐক্যের প্রয়োজন আছে। জনগণের ঐক্য, আমাদের ঐক্য দিয়েই এদেশের মুক্তি হবে, গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্ত হবেন।

দিবাস্বপ্ন দেখছে বিএনপিঃ ওবায়দুল কাদের

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি ।  অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয় তাহলে বিএনপি আবারও পিছিয়ে যাবে।

অপরদিকে, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত  স্মরণ-সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচীব রুহুল কবির রিজভী বলেছেন,

শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে আন্দোলন হয়েছে। এতে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

রিজভী প্রশ্ন করেন, দেশে যখন ভোট চুরি হয়,  দিনের ভোট রাত্রে হয়, দুর্নীতি লুটপাটে দেশ সয়লাব হয়ে যায়, গুম-খুনের সন্ত্রাস চলে,  মা বোনরা ধর্ষণের শিকার হয় তখন দেশের ভাবমূর্তি নষ্ট হয় না?

তিনি আরো বলেন, এখন আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে । কিছু মিডিয়ার সাহায্যে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর চেষ্টা করছে । এর বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে আবারও গর্জে উঠতে হবে। #