নির্বাচন নিয়ে কাদেরের বক্তব্য এবং সরকারের স্বৈরচারী আচরণের বিষয়ে ফখরুলের পাল্টা প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i97954-নির্বাচন_নিয়ে_কাদেরের_বক্তব্য_এবং_সরকারের_স্বৈরচারী_আচরণের_বিষয়ে_ফখরুলের_পাল্টা_প্রতিক্রিয়া
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৪:৫৪ Asia/Dhaka
  • নির্বাচন নিয়ে কাদেরের বক্তব্য এবং সরকারের স্বৈরচারী আচরণের বিষয়ে ফখরুলের পাল্টা প্রতিক্রিয়া

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের দেমন হুশিয়ারি উচ্চারণ করেন।

আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবেন না। আগামী নির্বাচনে আরও আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয় ত্যাগিদেরই জায়গা করে দিতে হবে।

ওদিকে, দেশের প্রধান বিরোধীদল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকারই টিকে  থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না।

গতকাল (সোমবার) ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিলে পুলিশী হামলার  নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। হামলা-মামলা-গ্রেফতার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না।’ আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

অপরদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ আমার দেশের মাটি, দেশের সার্বভৌমত্ব বিপদের মুখে। এখন শেখ হাসিনাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এসে গেছে। অল্প কিছুদিনের মধ্যে এই আওয়ামী লীগ সরকারের চিরন্তন বিদায় হয়ে যাবে জনগণের কাছ থেকে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।