ঝিনাইদহে আদালতে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১ আহত ৪
https://parstoday.ir/bn/news/bangladesh-i98164-ঝিনাইদহে_আদালতে_সিলিন্ডার_বিস্ফোরণ_নিহত_১_আহত_৪
ঝিনাইদহে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফিকুল ইসলাম নামে এক জন ওয়েল্ডিং মিস্ত্রি নিহত এবং পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০২১ ১৪:১১ Asia/Dhaka
  • ঝিনাইদহে আদালতে সিলিন্ডার বিস্ফোরণ:  নিহত ১ আহত ৪

ঝিনাইদহে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফিকুল ইসলাম নামে এক জন ওয়েল্ডিং মিস্ত্রি নিহত এবং পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে , রবিবার (৩ অক্টোবর) দুপুরে মালখানার ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। পুলিশ সদস্যসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় এক জেএমবি  সদস্যের  মৃত্যুদন্ড

ওদিকে, ২০০৫ সালের চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে বোমা হামলার ঘটনায় মামলায় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যের মৃত্যুদন্ড এবং আর একজনের যাবজ্জীবন দন্ড দিয়েছে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত। আজ রোববার (৩ অক্টোবর) ঘোষিত এ রায়ে পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ডের রায় এবং আদালতে উপস্থিত  জাবেদ ইকবালের যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি জাবেদকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষনার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেছেন,  আমরা রায়ে পুরোপুরি সন্তুষ্ট না। কারণ আসামি জাবেদেরও মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। তিনি নিজেই হামলার বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে আদালত তার সার্বিক বিষয় বিবেচনা করে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হ্লা চিং প্রু ২০১৬ সালের ১৮ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর একই বছরের ১৬ জুলাই মামলাটির অভিযোগ গঠন করা হয়।

এরই মধ্যে অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তিন আসামির নাম বাদ দেওয়া হয়। তারা হলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।