কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে চাঁদপুরে মিছিল, গুলিতে নিহত ৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i98614-কুমিল্লায়_কুরআন_অবমাননার_প্রতিবাদে_চাঁদপুরে_মিছিল_গুলিতে_নিহত_৩
বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবরের জের ধরে গত রাতে (বুধবার) পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের হাজীগঞ্জে ‘তৌহিদই জনতা’র সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৪, ২০২১ ১১:০৪ Asia/Dhaka
  • কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে চাঁদপুরে মিছিল, গুলিতে নিহত ৩

বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবরের জের ধরে গত রাতে (বুধবার) পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের হাজীগঞ্জে ‘তৌহিদই জনতা’র সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন- বাবলু (২৮), আল আমিন (১৮) ও হৃদয় (১৪) নামে এক কিশোর। এছাড়া পুলিশ-জনতাসহ ৩৫-৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে বলে জানা যায়।

সহিংস পরিস্থিতিতে গতকাল বুধবার রাত ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনা তদন্তে আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সোয়া ৮টায় হাজীগঞ্জ পৌর এলাকায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে মিছিল বের করা হয়। ওই মিছিল থেকে লক্ষ্মীনারায়ণ আখড়ায় ঢিল ছোড়া হয়। একপর্যায়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালায়। এতে তিনজন নিহত ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ বলেন, নিহত তিন ব্যক্তির লাশ আজ সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুরে মিছিল

প্রসঙ্গত, এর আগে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তার পাশে নির্মিত একটি পূজামণ্ডপে হনুমানের মূর্তির পায়ের উপরে পবিত্র কুরআন রেখে অবমাননার খবর ছড়িয়ে পড়লে নগরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার (১৩ অক্টোবর) সকালে প্রাতঃভ্রমণকারী লোকজন বিষয়টি দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হনুমানের পায়ের উপর থেকে একখানা পবিত্র কুরআন শরীফ উদ্ধার করে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ‘আমরা পবিত্র কুরআনের মর্যাদা বুঝি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সনাতন ধর্মাবলম্বী নেতারা আমাদের বলেছেন, পূজা বন্ধ রাখতে। আমরা তাদের পূজা চালিয়ে যেতে বলেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলামেও কারও ধর্ম পালনে বাধা দেওয়ার বিধান নেই।’

এদিকে, গতকাল সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ওদিকে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২৪টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির পরিচালক।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।