জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের প্রস্তাবকে স্বাগত জানালো হামাস
https://parstoday.ir/bn/news/event-i137520-জাতিসংঘে_ফিলিস্তিনের_পূর্ণাঙ্গ_সদস্য_পদ_লাভের_প্রস্তাবকে_স্বাগত_জানালো_হামাস
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১১, ২০২৪ ১২:০৫ Asia/Dhaka
  • সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর
    সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 

গতকাল শুক্রবার রাতে সাধারণ পরিষদের ভোটাভুটিতে বিশ্বের ১৯৪ টি সদস্য দেশের মধ্যে ১৪৩ টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলো ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে। 

আরব গ্রুপের পক্ষে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা-ইসরাইলসহ ৯টি দেশ। ২৫টি দেশ ভোটদানের বিরত ছিল। 

হামাস এই প্রস্তাব পাসের প্রশংসা করে বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবের পক্ষে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হলো।

বিবৃতিতে বলা হয়েছে, "আমরা এই প্রস্তাবকে আমাদের ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার পাওয়ার প্রয়োজনীয়তার স্বীকৃতি বলে বিবেচনা করি। এর মধ্যদিয়ে আমাদের জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত হয়েছে।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব হামাসলেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।