রাফাহর তাঁবুতে হামলা ইসরাইলের ধ্বংস ত্বরান্বিত করবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
নাৎসী ইসরাইলের কোনো ভবিষ্যৎ নেই: হিজবুল্লাহ প্রধান
-
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসী সরকারের সঙ্গে তুলনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
তিনি বলেছেন, গাজায় ইসরাইলি পাশবিকতার বিরুদ্ধে যেভাবে গোটা বিশ্ব ফুঁসে উঠছে তাতে এই নাৎসী সরকারের টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
সাইয়্যেদ নাসরুল্লাহ গতরাতে (মঙ্গলবার রাতে) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, “আমি এ অঞ্চলে নাৎসী সরকারের কোনো ভবিষ্যৎ দেখি না।” তিনি বলেন, গত রোববার গাজা উপত্যকার রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরাইলি সেনারা যে নির্দয় বোমাবর্ষণ করেছে তা কেবল এই সরকারের পতন ও ধ্বংস ত্বরান্বিত করবে।
লেবাননের হিজবুল্লাহ নেতা বলেন, ওই হামলা প্রমাণ করেছে, ইসরাইলিরা ইউরোপজুড়ে পাশবিকতা পরিচালনাকারী নাৎসীদের চেয়েও জঘন্য। তিনি সরাসরি বলেন, “এই দখলদার সরকারের বিবেকবুদ্ধি কিংবা নীতিনৈতিকতার বালাই নেই এবং এটি নাৎসীদের চেয়েও খারাপ।”
গত রোববার রাতে গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন জীবন্ত পুড়ে মারা যায় যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে তেল আবিবকে রাফাহ শহরে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়ার পর ওই পাশবিকতা চালায় দখলদার সেনারা।
সাইয়্যেদ নাসরুল্লাহ এ সম্পর্কে বলেন, আন্তর্জাতিক সমাজ গাজায় হামলা বন্ধ করার যে আহ্বান জানাচ্ছে ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরের তাঁবুতে হামলা চালিয়ে তার জবাব দিয়েছে। তিনি আরো বলেন, রাফাহতে চালানো হামলায় নিহত শিশুদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, আর এ ঘটনা প্রমাণ করে ইসরাইল কতটা অসভ্য, বর্বর ও নির্মম।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।