সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ভাষণ
‘মধ্যপ্রাচ্য থেকে ইসরাইল নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করতে হবে’
-
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল একটি ‘ক্যান্সার সৃষ্টিকারী টিউমার’ যা অপসারণ করতে হবে।
তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সীমাহীন পাশবিকতা চালিয়ে যাওয়া ইসরাইলের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব।
হিজবুল্লাহ নেতা বলেন, গাজার চলমান যুদ্ধ এখন অস্তিত্ব রক্ষা করার লড়াইয়ে পরিণত হয়েছে এবং এই যুদ্ধে ইসরাইলের পরাজয় গোটা অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করবে। তিনি ‘যার যা কিছু সম্ভব’ তা নিয়ে গাজা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে নাছোড়বান্দা আচরণ করছেন তার ফলে পরিস্থিতি ইহুদিবাদী ইসরাইলের জন্যই দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
তিনি বলেন, গাজায় ইসরাইলের ভয়ঙ্কর পাশবিকতার ব্যাপারে কিছু দেশের নীরবতা সত্ত্বেও এ ব্যাপারে বিশ্বব্যাপী জনসচেতনতা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং ইসরাইল ক্রমান্বয়ে একঘরে ও কোণঠাসা হয়ে পড়ছে।
গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের অভ্যন্তরে ভীষণ অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহ নেতা বলেন, ইসরাইলি সেনারা গাজায় হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে এবং ইহুদিবাদী সেনা কমান্ডাররাই বিষয়টি স্বীকার করে বক্তব্য দিচ্ছেন। এছাড়া, ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তাদের অর্থনীতির ওপর গাজা যুদ্ধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এরই মধ্যে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।