উগ্র ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদ অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i138376-উগ্র_ইহুদিবাদীদের_হাতে_আল_আকসা_মসজিদ_অবমাননার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
উগ্র ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরাইল সরকারের পৃষ্ঠপোষকতায় আল-আকসা মসজিদকে অপবিত্র করার যে পদক্ষেপ উগ্র ইহুদিবাদীরা নিয়েছে তাতে বোঝা যায় তেল আবিব ফিলিস্তিনসহ গোটা অঞ্চলে উত্তেজনার আগুন ছড়িয়ে দিতে চায়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৭, ২০২৪ ১২:১৫ Asia/Dhaka
  • উগ্র ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদ অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান

উগ্র ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরাইল সরকারের পৃষ্ঠপোষকতায় আল-আকসা মসজিদকে অপবিত্র করার যে পদক্ষেপ উগ্র ইহুদিবাদীরা নিয়েছে তাতে বোঝা যায় তেল আবিব ফিলিস্তিনসহ গোটা অঞ্চলে উত্তেজনার আগুন ছড়িয়ে দিতে চায়।

বুধবার ফ্ল্যাগ মার্চের নাম করে হাজার হাজার উগ্র ইহুদিবাদী মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে পড়ে এবং এই মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে। এ সময় তারা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় উপস্থিত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় এবং ফিলিস্তিনের পাশাপাশি আরব-বিরোধী স্লোগানও দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ সম্পর্কে বলেন, এ ধরনের অবমাননাকর ও উস্কানিমূলক আচরণের ফলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসীর বিশেষ করে বিশ্ব মুসলিমের ঘৃণাই শুধু বাড়বে।

তিনি আরো বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপকভাবে কোণঠাসা ও একঘরে হয়ে পড়েছে শিশুঘাতক ইসরাইল। এ ধরনের পদক্ষেপের ফলে তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়বে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার ক্ষেত্রে তিনি মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

১৯৬৭ সালের ৫ জুন ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরের পূর্ব অংশ দখল করে নিয়েছিল যা তারা আজও দখল করে রেখেছে; যদিও জাতিসংঘ এখন পর্যন্ত এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। ইহুদিবাদীরা পূর্ব জেরুজালেম দখল উদযাপনের জন্য প্রতি বছর ৫ জুন ফ্ল্যাগ মার্চের আয়োজন করে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।