আম্মান সম্মেলনে জাতিসংঘ মহাসচিব
ত্রাণ বিতরণের জন্য গাজার সমস্ত রাস্তা অবশ্যই খুলে দিতে হবে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সমস্ত রাস্তা খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য এসব রাস্তা খুলে দেয়া জরুরি।
জর্দানের রাজধানী আম্মানে গতকাল (মঙ্গলবার) জরুরি ত্রাণ বিষয়ক শীর্ষ সম্মেলনে গুতেরেস বক্তৃতা করেন। তিনি বলেন, “এই ভয়াবহতা বন্ধ করতে হবে, এটি যুদ্ধবিরতির উপযুক্ত সময়।”
তিনি বলেন, গাজায় পর্যাপ্ত মানবিক ও ত্রাণ সহায়তার জন্য সমস্ত সীমান্ত ক্রসিং থেকে অবিলম্বে সব ধরনের বাধা অপসারণ করতে হবে যাতে সমস্ত এলাকায় সাহায্য বিতরণ এবং এ জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা যায়।
তিনি গাজা উপত্যকায় ইসরাইলের চাপিয়ে দেয়া পরিস্থিতিকে “দুঃখজনক” বলে বর্ণনা করেন। গুতেরেস বলেন, "গাজায় গণহত্যা ও হত্যাকাণ্ডের গতি এবং মাত্রা জাতিসংঘ মহাসচিব হিসেবে আমার দায়িত্বপালনকালে কোথাও ঘটেনি।"
আঞ্চলিক কয়েকটি দেশের নেতারাও গাজায় ফিলিস্তিনিদের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটাতে জরুরিভিত্তিতে ত্রাণ পাঠানোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। গাজায় বর্বর আগ্রাসন ও অবরোধের অবসান ঘটাতে ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানান তারা।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।