আইসিসি’র প্রধান কৌঁসুলি ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট
https://parstoday.ir/bn/news/event-i138840-আইসিসি’র_প্রধান_কৌঁসুলি_ইসরাইলের_প্রতি_পক্ষপাতদুষ্ট
​​​​​​​ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জোরালো ভাষায় সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০২৪ ১০:৪৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান
    আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান

​​​​​​​ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জোরালো ভাষায় সমালোচনা করে বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করার পর হামাস এই অভিযোগ করল।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রি ট্রায়াল চেম্বারকে হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য করিম খান অনুরোধ করেন। এ বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামাস করিম খানকে ইসরাইলের প্রতি পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে সরেজমিন বাস্তবতা উপেক্ষা করার জন্য করিম খানের নিন্দা জানানো হয়। এতে আরো বলা হয়েছে, বাস্তবতা উপেক্ষা করার পাশাপাশি করিম খান গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানো ইহুদিবাদী ইসরাইলের প্রতি পক্ষপাতিত্ব করছেন।

হামাস বলেছে, করিম খান ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে বিবেচনায় নিয়েছেন কিন্তু ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের কারণে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক আইন ও প্রথা অনুযায়ী অপরাধ, তাকে তিনি উপেক্ষা করেছেন। 

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি জোর দিয়ে বলেছে, ইসরাইলের এই দখলদারিত্বের বিরুদ্ধে সমস্ত উপায়ে লড়াই করা ফিলিস্তিনি জনগণের দায়িত্ব কর্তব্য এবং অধিকার, যে অধিকারকে আন্তর্জাতিক আইন নিশ্চিত করেছে। হামাস বলেছে, ৭৬ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং গাজাবাসী ও পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে অন্তত চারটি ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা করেছে। এছাড়া, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার ওপর লাগাতার অবরোধ দিয়ে রেখেছে। এ প্রেক্ষাপটে হামাস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য উদ্ধৃত করে বলেছে, "৭ অক্টোবরের ঘটনা এমনি এমনি ঘটেনি।"#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।